শাহরুখের কাছে সুহানার সেই কঠিন প্রশ্ন, কী উত্তর দিলেন কিং খান?
বার্তা ডেস্কঃ
বলিউড বাদশাহ শাহরুখ খান ও গৌরী খানের দাম্পত্য জীবন বরাবরই অনুরাগীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। ভিন্ন ধর্মের হওয়ায় তাঁদের সন্তানরা ঠিক কোন ধর্মের রীতিনীতি মেনে চলে, তা নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের অন্ত নেই। সম্প্রতি একটি টেলিভিশন শো-তে নিজের পারিবারিক পরিবেশ ও মেয়ে সুহানার করা এক আবেগঘন প্রশ্নের উত্তর দিয়ে সকলের মন জয় করে নিয়েছেন কিং খান। শাহরুখ জানান, সুহানা ছোটবেলায় তাঁকে প্রশ্ন করেছিল, “বাবা, আমরা হিন্দু না মুসলিম?” মেয়ের এই সরল প্রশ্নের উত্তরে শাহরুখ একটুও দ্বিধা না করে স্কুলের ফর্মে ধর্মের জায়গায় লিখে দিয়েছিলেন, ‘আমরা ভারতীয়’।
শাহরুখ শো-তে আরও জানান, তাঁদের পরিবারে হিন্দু বা মুসলিম ধর্ম নিয়ে কখনও কোনো পৃথক আলোচনা হয় না। গৌরীর সঙ্গে তাঁর বিয়ের যাত্রাও ছিল বেশ চ্যালেঞ্জিং, কারণ ভিন্ন ধর্মের হওয়ায় গৌরীর পরিবারকে রাজি করানো সহজ ছিল না। এমনকি বিয়ের পর গৌরীর পরিবারকে একটু মজা করে তিনি বলেছিলেন যে এখন থেকে গৌরীকে বোরখা পরতে হবে এবং তাঁর নাম হবে ‘আয়েশা’। জামাইয়ের মুখে এমন কথা শুনে গৌরীর পরিবারের চোখ কপালে উঠলেও, পরে এটি নিছক ঠাট্টা বলে পরিষ্কার করেন শাহরুখ। সমস্ত সংকীর্ণতা পেরিয়ে এই তারকা দম্পতি প্রমাণ করেছেন যে তাঁদের পরিবারে ধর্মীয় পরিচয়ের চেয়েও মানবতা ও ভারতীয়ত্বই সবচেয়ে বড় পরিচয়।