বিবেক অগ্নিহোত্রীর পরবর্তী বড় চমক ‘অপারেশন সিঁদুর’—প্রধান চরিত্রে কার্তিক আরিয়ান!
বার্তা ডেস্কঃ
জাতীয় পুরস্কার অর্জনের পর মেগাবাজেটের বিগ টিকিট ছবি নিয়ে বলিউডে নিজের স্থান আরও মজবুত করছেন অভিনেতা কার্তিক আরিয়ান। এবার জনপ্রিয় পরিচালক বিবেক অগ্নিহোত্রী এবং প্রযোজক ভূষণ কুমারের যৌথ প্রযোজনায় নির্মিত পরবর্তী ছবি ‘অপারেশন সিঁদুর’-এ সেনার ভূমিকায় দেখা যাবে তাঁকে। ২০২৫ সালের এপ্রিলে পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর ভারতীয় সেনার চালানো ঐতিহাসিক পাল্টা সামরিক অভিযানের প্রেক্ষাপটে ছবিটি তৈরি হচ্ছে। বরুণ ধাওয়ানের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ চরিত্রে কার্তিককেই চূড়ান্ত করা হয়েছে।
শিমিত আমিন পরিচালিত ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’ ছবির কাজ শেষ করেই অভিনেতা এই নতুন প্রজেক্টের শুটিং শুরু করবেন। উল্লেখ্য, ২০১৫ সালের ইয়ামেন সংকটের সময় চালানো ‘অপারেশন রাহাত’-এর ওপর ভিত্তি করে নির্মিত ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’। ফলে পরপর দুটি মেগাবাজেটের ছবিতে বাস্তব জীবনের রোমাঞ্চকর সামরিক ও উদ্ধার অভিযানের নায়ক হিসেবে বড় পর্দায় হাজির হতে চলেছেন কার্তিক আরিয়ান। প্রজেক্টটিকে ঘিরে ইতিমধ্যে ভক্ত ও সিনেমা প্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল এবং উন্মাদনা তৈরি হয়েছে।