১০ হাজার কোটির ঝুঁকি! ১ নভেম্বরের কংগ্রেস সমাবেশ বাতিলের আর্জি ব্যবসায়ীদের

বার্তা ডেস্কঃ

উৎসবের মরসুমে বড়সড় আর্থিক ক্ষতির আশঙ্কায় এবার কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধীর দ্বারস্থ হলেন দিল্লির ব্যবসায়ীরা। আগামী ১ নভেম্বর রামলীলা ময়দানে কংগ্রেসের প্রস্তাবিত ১০ লক্ষ মানুষের মহাসমাবেশের দিন পিছিয়ে ১০-১১ নভেম্বরের পর আয়োজন করার অনুরোধ জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি’ (CTI)। ৬ নভেম্বর ধনতেরস ও ৮ নভেম্বর দীপাবলির ঠিক আগে এই জমায়েত হলে প্রতিদিনের ১০-১২ হাজার কোটি টাকার বিকিকিনি স্তব্ধ হয়ে যাওয়ার আতঙ্ক তৈরি হয়েছে।

সংগঠনের দাবি, ঐতিহাসিক ২০টি পাইকারি ও খুচরো বাজারের নিকটে এত বিপুল জনসমাগম এবং হাজার হাজার যানবাহনের আনাগোনায় মধ্য দিল্লিতে লকডাউনের মতো যানজট সৃষ্টি হবে। এতে পণ্য পরিবহন পুরোপুরি ব্যাহত হওয়ার আশঙ্কা প্রবল। পূর্বে রাহুল গান্ধীকে চিঠি দিয়েও কোনো সুরাহা না মেলায়, ছোট ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় সনিয়া গান্ধীর হস্তপেক্ষকেই এখন শেষ ভরসা হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। বিকল্প হিসেবে ধনতেরসের পর সমাবেশ করা কিংবা বিপুল পার্কিং সুবিধাযুক্ত বুরারি ময়দানে কর্মসূচি স্থানান্তরের আর্জি জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *