ফাইল জট কাটাতে কড়া নবান্ন, মাত্র ৭ দিনেই সরকারি কাজ মেটানোর মেগা নির্দেশ!

বার্তা ডেস্কঃ

সরকারি দপ্তরে ফাইল আটকে থাকার দীর্ঘদিনের সমস্যা দূর করতে কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। বিভিন্ন দপ্তরের মধ্যে চিঠি বা ফাইল আদানপ্রদান এবং প্রয়োজনীয় মতামত জানাতে দেরি হওয়ায় সরকারি প্রকল্প ও কর্মসূচি রূপায়ণে যে অচলাবস্থা তৈরি হচ্ছিল, তা ভাঙতেই এই সিদ্ধান্ত। এখন থেকে অন্য দপ্তর থেকে আসা যেকোনো ফাইল বা চিঠি সর্বোচ্চ সাত কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল। এর পাশাপাশি, যেসব ফাইল দীর্ঘদিন ধরে অমীমাংসিত রয়েছে, তার উপর কড়া নজরদারি চালাতে প্রতিটি দপ্তরকে নির্দিষ্ট ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়েছে।

প্রশাসনিক মহলের মতে, সামান্য কিছু অনুমতির অভাবে ফাইল আটকে থাকায় বহু গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ ও অর্থ বরাদ্দ থমকে যায়। এই জটিলতা এড়াতেই পশ্চিমবঙ্গ সচিবালয় ম্যানুয়াল, ২০১৯ এবং নির্ধারিত নিয়ম মেনে কাজ পরিচালনার নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দিষ্ট দপ্তরগুলির মধ্যে আলোচনা করে কোনো ফাইল বা সম্মতির সমাধান না হলে, তা ফেলে না রেখে দ্রুত মুখ্যসচিবের নজরে আনতে হবে। সংশ্লিষ্ট দপ্তরের সচিবদেরও নিয়মিতভাবে অমীমাংসিত ফাইলের অগ্রগতি খতিয়ে দেখতে হবে, যা দপ্তরগুলির মধ্যে সমন্বয় বাড়িয়ে প্রশাসনিক কাজে গতি আনবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *