হিন্দমোটরের পরিত্যক্ত কারখানায় পুলিশের বড় সাফল্য, ৩০ কেজি গাঁজাসহ ধৃত ৪!

বার্তা ডেস্কঃ

হিন্দমোটরের একটি পরিত্যক্ত কারখানা থেকে প্রায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উত্তরপাড়া থানা ও চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিডি যৌথভাবে এই অভিযান চালায়। কারখানার অন্ধকার থেকে স্কুল ব্যাগ ও কাঁধে ঝোলানো ১০টি ব্যাগে রাখা ৩০ কেজি মাদকসহ চার যুবককে হাতেনাতে পাকড়াও করা হয়। ধৃতদের নাম পিন্টু বসাক, লাল্টু হাজরা, রাজকুমার মিস্ত্রি ও শুভম মুখার্জি। তাদের বাড়ি চন্দননগর ও ভদ্রেশ্বরের বিভিন্ন এলাকায়। কালীপুজো ও জগদ্ধাত্রীপুজোর প্রাক্কালে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধারকে পুলিশের একটি বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ট্রেনযোগে ওড়িশা থেকে এই গাঁজা এনে হিন্দমোটরের পরিত্যক্ত কারখানায় হাতবদলের পরিকল্পনা ছিল। কমিশনারেটের বিভিন্ন এলাকায় তা পাচার করার উদ্দেশ্যেই মাদকগুলি আনা হয়েছিল। তবে হাতবদলের আগেই পুলিশের তৎপরতায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে শুক্রবার আদালতে তোলা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই অবৈধ মাদক কারবারের সঙ্গে আর কারা জড়িত এবং ধৃতদের পূর্বে কোনো অপরাধমূলক রেকর্ড রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তাদের নিজেদের হেফাজতে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ চালানো হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *