দীপাবলির আগে ১২ হাজার কোটির লোকসান, সমাবেশ বাতিলের আর্জি নিয়ে সনিয়ার দ্বারস্থ ব্যবসায়ীরা!
বার্তা ডেস্কঃ
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর পর এবার কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীকে চিঠি দিয়ে ১ নভেম্বরের রামলীলা ময়দানের মেগা সমাবেশ স্থগিত বা স্থানান্তরের আর্জি জানাল দিল্লির ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘চেম্বার অব ট্রেড অ্যান্ড ইন্ড্রাস্ট্রি’ (সিটিআই)। সংগঠনের চেয়ারম্যান ব্রিজেশ গোয়েল সনিয়াকে লেখা চিঠিতে আশঙ্কা প্রকাশ করেছেন যে, দীপাবলির এই গুরুত্বপূর্ণ উৎসবের মরসুমে ১০ থেকে ১২ লক্ষ মানুষের জমায়েত এবং হাজার হাজার যানবাহনের কারণে রাজধানীর বিস্তীর্ণ অঞ্চল কার্যত অচল হয়ে পড়বে। এর জেরে পাইকারি ও খুচরা বাজারে প্রায় ১২ হাজার কোটি টাকার ব্যবসা মার খাওয়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে, যা এই সময়ে ব্যবসায়ীদের চরম ক্ষতির মুখে ফেলবে।
পরিস্থিতি সামাল দিতে আগামী ১১ নভেম্বরের পর সমাবেশটি আয়োজন করার অথবা রামলীলা ময়দানের পরিবর্তে শহরের উত্তর সীমানায় আউটার রিং রোডের পাশে বুরারি মাঠে অনুষ্ঠানটি সরিয়ে নিয়ে যাওয়ার বিকল্প প্রস্তাব দিয়েছেন ব্যবসায়ীরা। এর আগে রাহুল গান্ধীর কাছে আবেদন জানিয়েও কোনো সুরাহা মেলেনি, উলটো প্রধান নির্বাচন কমিশনারের অপসারণের দাবিতে অনড় থাকার বার্তা পেয়েছেন ব্যবসায়ীরা। চাঁদনি চক, সদর বাজার ও কনট প্লেসসহ অন্তত কুড়িটি প্রধান বাজার এবং পণ্য পরিবহণের সঙ্গে যুক্ত হাজার হাজার ট্রাক ও টেম্পোর স্বাভাবিক গতি বজায় রাখতে এখন সোনিয়া গান্ধীর হস্তক্ষপের দিকেই তাকিয়ে রয়েছেন দিল্লির উদ্বিগ্ন ব্যবসায়িক মহল।