জেলে ইন্দ্রনীল, সুচেতনের বিস্ফোরক মন্তব্যে তোলপাড়!
বার্তা ডেস্কঃ
রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি ও অপমানের চাঞ্চল্যকর অভিযোগ তুললেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর সন্তান সুচেতন ভট্টাচার্য। ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইন্দ্রনীলের সংস্থায় কাজের অভিজ্ঞতার কথা তুলে ধরে সুচেতন জানান, চরম ঔদ্ধত্যের কারণে তাঁর ইস্তফাপত্র পর্যন্ত গ্রহণ করা হয়নি এবং ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করিয়ে অপমান করা হয়েছিল। শুধু তাই নয়, বহু সঙ্গীতশিল্পী ও রেকর্ডিস্টকে প্রাপ্য পারিশ্রমিক থেকে বঞ্চিত করার মতো গুরুতর অভিযোগও এনেছেন তিনি।
তৃণমূল জমানার শুরুতে ইন্দ্রনীলের রাজনৈতিক অবস্থান বদল ও আচার-আচরণে বীতশ্রদ্ধ হয়েই তিনি চাকরি ছেড়েছিলেন বলে দাবি করেন সুচেতন। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের সময়ও পাম অ্যাভিনিউর বাড়িতে ওই মন্ত্রীকে প্রবেশ করতে দিতে চাননি তিনি। বর্তমানে পুজো পাস সংক্রান্ত আর্থিক দুর্নীতির অভিযোগে ইন্দ্রনীল সেন জেলবন্দি হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে সুচেতন মন্তব্য করেছেন, নিজের কৃতকর্মের ফল আজ হাতেনাতে ভোগ করছেন ওই গায়ক।