হাওড়ার সেই চর্চিত ইনস্পেক্টর জয়ন্তের রহস্যমৃত্যু, বাঁকুড়ায় উদ্ধার ছিন্নভিন্ন দেহ!
বার্তা ডেস্কঃ
বাঁকুড়া শহরের কেঠারডাঙা রেলগেটের কাছ থেকে পুলিশ লাইনসের ডিআইবি ইনস্পেক্টর জয়ন্ত পালের ছিন্নভিন্ন দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সন্ধ্যায় আরণ্যক এক্সপ্রেসের চাকায় কাটা পড়ে তাঁর মৃত্যু হয়। রেললাইনে কাটা পড়ে এই মর্মান্তিক পরিণতি অসাবধানতাবশত নাকি এর পেছনে রয়েছে আত্মহত্যার কোনো ইঙ্গিত, তা নিয়ে গভীর ধোঁয়াশায় তদন্তকারীরা। পুলিশ দেহটি উদ্ধার করে দ্রুত ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে এবং তাঁর সাম্প্রতিক মানসিক অবস্থা সম্পর্কে জানতে পরিবার ও সহকর্মীদের সাথে কথা বলছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে হুগলির চণ্ডীতলা থানার আইসি থাকাকালীন হাওড়ার ঘোষপাড়া এলাকায় রহস্যজনকভাবে গুলিবিদ্ধ হয়ে সংবাদ শিরোনামে এসেছিলেন এই জয়ন্ত পাল। ঘটনার সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে ভিনজেলায় যাওয়া ও ঘটনাস্থলে এক যুবতীর উপস্থিতি ঘিরে বিতর্ক তৈরি হওয়ায় তাঁকে পরবর্তীতে রাজ্য পুলিশ থেকে বরখাস্তও করা হয়েছিল। অতীতে খানাকুল, চণ্ডীতলা ও সিঙ্গুরের মতো গুরুত্বপূর্ণ থানার দায়িত্ব সামলানো এই বিতর্কিত পুলিশ আধিকারিকের আকস্মিক মৃত্যুতে স্থানীয় প্রশাসনের অন্দরে চরম আলোড়ন সৃষ্টি হয়েছে।