ভুটানে হিমবাহ ফেটে সংকোশ নদীতে ভয়াবহ মাছের মড়ক, সতর্কবার্তা বনমন্ত্রীর!

বার্তা ডেস্কঃ

আলিপুরদুয়ার ও কোচবিহার সীমান্ত সংলগ্ন সংকোশ নদীতে হঠাৎ দেখা দিয়েছে বিপুল পরিমাণ মাছের মড়ক। ভুটানে হিমবাহের হ্রদ ফেটে জল নেমে আসার পরই নদীর জলে এই অস্বাভাবিক ঘটনা ঘটে, যা নিয়ে সীমান্তবর্তী এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। নদীর জলে বিষক্রিয়া বা রাসায়নিক মিশে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে রাজ্যের বনমন্ত্রী মনোজ ওরাঁও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইতিমধ্যে বেশ কিছু মরা মাছ স্থানীয়দের সংগ্রহ করার খবর মেলায় মন্ত্রী সাধারণ মানুষকে সেগুলি খাওয়া ও বিক্রি করা থেকে বিরত থাকার কঠোর নির্দেশ দিয়েছেন।

প্রাথমিক তদন্তে মাছগুলির মৃত্যু স্বাভাবিক নয় বলেই মনে করা হচ্ছে, কারণ ঘটনার আগের রাতে নদীর জল হঠাৎ কালো হয়ে গিয়েছিল। বনমন্ত্রীর আশঙ্কা, ইতিমধ্যেই বেশ কয়েক টন মরা মাছ বাজারে ছড়িয়ে পড়তে পারে, যা মানুষের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। এই পরিস্থিতিতে নদী থেকে ভেসে আসা মাছ যাতে কেউ না কেনেন এবং বাজারেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়, তার ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি, নদীর পাড়েই মরা মাছগুলি মাটি চাপা দেওয়ার কাজ শুরু করেছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *