ছাদের ওপর ৪ বছরের শিশুকে পাশবিক অত্যাচার, দত্তপুকুরে গ্রেফতার অভিযুক্ত!
বার্তা ডেস্কঃ
উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানা এলাকার সুভাষনগরে এক চার বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। গত বুধবার এই নৃশংস ঘটনা ঘটলেও শুক্রবার তা জানাজানি হতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগ, বেড়াতে আসা অভিযুক্ত যুবক ওই শিশুকে কৌশলে ছাদে নিয়ে গিয়ে নির্যাতন চালায়। প্রাথমিক পর্যায়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ গ্রহণে অনীহার অভিযোগ উঠলেও পরবর্তীতে দত্তপুকুর থানার পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তকে আটক করে।
এদিকে, নির্যাতিতা শিশুর স্বাস্থ্য পরীক্ষা ঘিরে বারাসাত জেলা হাসপাতালেও ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিবারের সদস্য ও স্থানীয়দের অভিযোগ, হাসপাতালে একমাত্র মহিলা চিকিৎসক ব্যস্ত থাকায় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে প্রায় পাঁচ ঘণ্টা দেরি হয়। এই ঘটনায় ক্ষুব্ধ জনতা হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান। ঘটনার পর থেকেই এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এবং অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বর্তমানে পুলিশ পুরো ঘটনাটির পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে।