নির্বাচন কমিশনের নির্ঘণ্টের আগেই আপ-এর ধামাকা, জেলবন্দি মন্ত্রীকে নিয়ে পাঞ্জাবে মানের বাজি!
বার্তা ডেস্কঃ
পাঞ্জাব বিধানসভা নির্বাচনের সময়সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগেই রাজনৈতিক সমীকরণ বদলে দিল আম আদমি পার্টি (আপ)। রাজ্যের ১১৭টি আসনের মধ্যে ৪০টি আসনে এক-তৃতীয়াংশ প্রার্থীর নাম ইতিমধ্যেই প্রকাশ করেছে অরবিন্দ কেজরিওয়ালের দল। বিশেষ আকর্ষণীয় বিষয় হলো, মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান তাঁর পুরনো সঙ্গরুর জেলার ধুরি আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানে ২০২২ সালে তিনি ৬৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। এছাড়া বিদায়ী স্পিকার কুলতার সিং সান্ধওয়ান এবং মন্ত্রী কুলদীপ সিং ধালিওয়ালকেও ফের প্রার্থী করা হয়েছে।
তবে রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি শোরগোল ফেলেছে দুর্নীতির মামলায় বর্তমানে জেলবন্দি মন্ত্রী সঞ্জীব অরোরাকে পশ্চিম লুধিয়ানা থেকে টিকিট দেওয়ার ঘটনা। ইডি-র হাতে গ্রেপ্তার হওয়া অরোরা জামিন না পেলে জেল থেকেই লড়াই করবেন বলে খবর। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে সম্ভাব্য এই নির্বাচনে দিল্লির হাইভোল্টেজ বৈঠকে কেজরিওয়াল, মান ও মণীশ সিসোদিয়ারা এই সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন। বাকি আসনগুলির প্রার্থীর নামও ধাপে ধাপে প্রকাশ করবে আপ, যা নিয়ে রাজ্যে রাজনৈতিক উত্তাপ চড়তে শুরু করেছে।