বন্ধ রেলগেটে দাঁতালের তাণ্ডব, প্রাণ বাঁচাতে ছুটল যাত্রীরা!
বার্তা ডেস্কঃ
শনিবার ভোররাতে খড়্গপুর টাটানগর ডিভিশনের সরডিহা ও বাঁশতলা স্টেশনের মাঝে রাশুয়া রেলগেটে তাণ্ডব চালায় এক বুনো দাঁতাল হাতি। জঙ্গল থেকে বেরিয়ে চলার পথে বন্ধ রেলগেট দেখে ক্ষুব্ধ হাতিটি সজোড়ে ধাক্কা মেরে গেট ভেঙে ফেলে। এরপর কিছুক্ষণ রেললাইনের ওপর ঘোরাঘুরি করে অন্যদিকের গেট ডিঙিয়ে সেটি কংসাবতী নদীর দিকে চলে যায়। হাতিটির আগমনে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি দেখতে পেয়ে গেটম্যান সুরক্ষার স্বার্থে কেবিনের ভেতর চলে যান এবং রেল কর্তৃপক্ষকে জানিয়ে সতর্ক করেন। সৌভাগ্যবশত সে সময় লাইনে কোনো ট্রেন না থাকায় বড় বিপদ এড়ানো গেছে এবং ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
বনদপ্তর জানায়, হাতিটি কলাইকুণ্ডা রেঞ্জ থেকে বেলতলা হয়ে মানিকপাড়া রেঞ্জের রাশুয়া এলাকায় ঢুকে পড়েছিল। বর্তমানে নদী পার হয়ে সেটি মেদিনীপুর বন বিভাগের চাঁদড়া রেঞ্জে পৌঁছেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, রেললাইনের পাশের লোহার রেলিং এবং বন্ধ গেটের বাধার কারণেই হাতিটি আক্রমণাত্মক হয়ে ওঠে। গতবছর বাঁশতলায় ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুর পর রেলিং বসানো হলেও করিডর সচল রাখতে কিছু অংশ সরানো হয়েছিল। ঘটনার পর সকালেই ক্ষতিগ্রস্ত রেলগেটটি দ্রুত মেরামত করা হয়েছে। বনদপ্তরের কর্মীরা আপাতত ওই এলাকা ও হাতির গতিবিধির ওপর নজর রাখছেন।