স্বামীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত অন্তঃসত্ত্বা, হারালেন ৮ মাসের সন্তান!
বার্তা ডেস্কঃ
কোচবিহারের দিনহাটায় রাজনৈতিক আক্রোশের জেরে এক মর্মান্তিক ঘটনায় ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর পেটে আঘাত ও বেধড়ক মারধরের জেরে মৃত সন্তান প্রসবের অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে টিউশন পড়িয়ে বাড়ি ফেরার পথে গৃহশিক্ষক দেবজিৎ বর্মনের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী প্রিয়া বর্মনকেও নির্মমভাবে মারধর করা হয়, যার ফলে পেটে গুরুতর আঘাত লাগে। শুক্রবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বধূ মৃত সন্তানের জন্ম দেন। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঘটনার তদন্তে নেমে সাহেবগঞ্জ থানার পুলিশ ইতিমধ্যেই চন্দন বর্মন ও মনোরঞ্জন বর্মন নামের দু’জনকে গ্রেপ্তার করেছে। পরিবারের দাবি, দেবজিতের আত্মীয়ের বউদি তৃণমূলের পঞ্চায়েত সদস্য হওয়ার কারণেই এই রাজনৈতিক হিংসার শিকার হতে হয়েছে তাঁদের। এদিকে, শনিবার সকালে আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করে তাদের প্রতি সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন বিজেপি বিধায়ক অজয় রায়। তিনি জানান, অভিযুক্তরা যে দলেরই হোক না কেন, প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।