১৫টি হাসপাতালের প্রত্যাখ্যান ও শত বৈষম্য জয় করে ইতিহাস! দেশের প্রথম দলিত রূপান্তরকামী এমডি চিকিৎসক ডা. রুথ

বার্তা ডেস্কঃ

সমস্ত সামাজিক বৈষম্য ও বাধাকে জয় করে ইতিহাস গড়লেন ডা. রুথ (কোয়ালা রুথ জন পল)। ৩১ বছর বয়সী এই চিকিৎসক সম্প্রতি ‘ইমার্জেন্সি মেডিসিন’ বা জরুরি চিকিৎসা বিজ্ঞানে এমডি (MD) ডিগ্রি অর্জন করেছেন। আর এর মাধ্যমেই তিনি ভারতের প্রথম দলিত রূপান্তরকামী (Transgender) মহিলা এমডি চিকিৎসক হিসেবে নজির গড়লেন। ২০২৩ সালে হায়দরাবাদের ইএসআইসি (ESIC) মেডিক্যাল কলেজে স্নাতকোত্তর শুরু করে ২০২৬ সালে তিনি এই সাফল্য অর্জন করেন।

তেলেঙ্গানার খাম্মাম জেলায় জন্ম নেওয়া রুথের এই যাত্রাপথ মোটেও মসৃণ ছিল না। ২০১৮ সালে এমবিবিএস (MBBS) পাশ করার পর, কেবল রূপান্তরকামী হওয়ার ‘অপরাধে’ তাঁকে হায়দরাবাদের অন্তত ১৫টি বেসরকারি হাসপাতাল থেকে চাকরি না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছিল। পদে পদে সামাজিক অবমাননা সহ্য করেও তিনি হার মানেননি। NEET-PG পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর, রূপান্তরকামী কোটা বাস্তবায়নের দাবিতে তেলেঙ্গানা হাইকোর্টে দীর্ঘ আইনি লড়াই চালিয়ে তিনি জয়লাভ করেন এবং স্নাতকোত্তরে ভর্তির সুযোগ পান। এর আগে ২০২২ সালে তিনি এবং তাঁর সহকর্মী ডা. প্রাচী রাঠোর তেলেঙ্গানার প্রথম রূপান্তরকামী সরকারি চিকিৎসক হওয়ারও গৌরব অর্জন করেছিলেন।

বর্তমানে ডা. রুথ হায়দরাবাদের সানাতনগরের ইএসআই হাসপাতালে ‘সিনিয়র রেসিডেন্ট’ হিসেবে কর্মরত। দেশের কোটি কোটি মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে ওঠা এই চিকিৎসকের এখন একটাই লক্ষ্য— যেসব দরিদ্র মানুষের বেসরকারি হাসপাতালে চিকিৎসার সামর্থ্য নেই, সরকারি হাসপাতালে আমৃত্যু তাঁদের সেবা করে যাওয়া। পাশাপাশি, দেশের স্বাস্থ্যক্ষেত্রে এলজিবিটিকিউ+ (LGBTQ+) সম্প্রদায়ের মানুষের জন্য একটি বৈষম্যহীন, সমতাপূর্ণ ও মর্যাদাপূর্ণ পরিবেশ গড়ে তোলার পক্ষেও তিনি জোর সওয়াল করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *