নভেম্বরের শুরুতেই আবহাওয়ার বড় বদল, কোন জেলাগুলোতে ঝেঁপে বৃষ্টি হবে?
বার্তা ডেস্কঃ
অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব বিদায় নিতে না নিতেই বঙ্গোপসাগরে ফের ঘনিয়েছে নতুন নিম্নচাপ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই জোড়া আবহাওয়ার সিস্টেমের প্রভাবে পশ্চিমবঙ্গ সহ বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে এর প্রভাব বেশি অনুভূত হবে। ইতিমধ্যেই ছত্তিশগড় ও ওড়িশা সংলগ্ন এলাকায় অর্ণবের অবশিষ্টাংশ নিম্নচাপে পরিণত হওয়ায় আবহাওয়ার এই পরিবর্তন দেখা দিয়েছে।
দক্ষিণবঙ্গে নিম্নচাপের সরাসরি বড় প্রভাব না পড়লেও, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে পরিস্থিতি অপেক্ষাকৃত গম্ভীর। দার্জিলিং ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি কালিম্পং, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।