স্বাস্থ্যসাথী কার্ডে ৩০ লক্ষ উপভোক্তার রহস্যজনক অন্তর্ধান! কি হচ্ছে তৃণমূলে?
বার্তা ডেস্কঃ
১০০ দিনের কাজ এবং রেশন দুর্নীতির পর এবার পূর্বতন তৃণমূল সরকারের আমলে স্বাস্থ্যসাথী প্রকল্পেও বড়সড় দুর্নীতির অভিযোগ সামনে এল। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে এমন প্রায় ৩০ লক্ষেরও বেশি উপভোক্তার বাস্তবে কোনো অস্তিত্বই পাওয়া যাচ্ছে না। এই ‘ভুতুড়ে’ কার্ডের মাধ্যমে সরকারি কোষাগারের প্রায় ২০ থেকে ২৫ হাজার কোটি টাকার বিপুল অর্থের অপচয় বা লুঠ হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।
বর্তমানে আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার কার্ড তৈরি ও যাচাইয়ের কাজ চলছে। সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে নামের তালিকা মেলাতে গিয়েই এই ব্যাপক অসংগতি ধরতে পেরেছেন। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ডের তালিকায় নাম থাকলেও বাস্তবে সেই নামের কোনো উপভোক্তার হদিস মিলছে না।
প্রশাসন এবং নবান্ন সূত্রে জানানো হয়েছে, এই তালিকায় ঠিক কোথায় কোথায় গরমিল হয়েছে এবং কতজনের নাম ভুয়োভাবে ঢোকানো হয়েছিল, তা বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে। স্বাস্থ্যবিমা প্রকল্পে স্বচ্ছতা ফিরিয়ে আনতে উপভোক্তাদের তালিকা পুনর্মূল্যায়ন করে দ্রুত প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।