পুরনো জিমেইল আইডির নাম বদলানো এখন এক নিমিষের কাজ!

বার্তা ডেস্কঃ

অনেকেই ছোটবেলায় মজার ছলে বা শখ করে তৈরি করা ইমেল আইডি পেশাগত জীবনে ব্যবহার করতে গিয়ে নানা রকম অস্বস্তিতে পড়েন। চাকরির আবেদন বা জরুরি দাপ্তরিক কাজে সেই পুরনো ঠিকানা দিতে দ্বিধাবোধ করেন ব্যবহারকারীরা। এই সমস্যার স্থায়ী সমাধান নিয়ে এসেছে প্রযুক্তি জায়ান্ট গুগল। এখন থেকে পুরনো অ্যাকাউন্ট বন্ধ না করেই সহজেই জিমেইল ইউজারনেম বদলে ফেলা সম্ভব। সবচেয়ে বড় স্বস্তির বিষয় হলো, নাম পরিবর্তন করলেও ব্যবহারকারীদের পুরনো ইমেল, ছবি, মেসেজ কিংবা গুগল ড্রাইভের কোনো তথ্যই হারাবে না।

এই সুবিধা পেতে ব্যবহারকারীদের প্রথমে কম্পিউটার বা মোবাইল থেকে নিজের গুগল অ্যাকাউন্টে লগ ইন করে ‘পার্সোনাল ইনফো’ বা ব্যক্তিগত তথ্য বিভাগে যেতে হবে। এরপর ইমেল অপশন থেকে ‘গুগল অ্যাকাউন্ট ইমেল’ নির্বাচন করে পছন্দের নতুন ইউজারনেম লিখে প্রক্রিয়াটি সম্পন্ন করা যাবে। তবে গুগল জানিয়েছে, ইচ্ছেমতো বারবার আইডি বদলানো যাবে না এবং নতুন অ্যাড্রেস তৈরির ক্ষেত্রে ১২ মাসের ব্যবধান রাখতে হবে। একটি অ্যাকাউন্টে সর্বোচ্চ তিনবার এই পরিবর্তন করা সম্ভব, যার ফলে পুরনো ঠিকানাসহ মোট চারটি অ্যাড্রেস ব্যবহারের সুযোগ থাকছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *