নেপালে ট্রেকিং করতে গিয়ে বরফে নিখোঁজ ৬ ভারতীয়!

বার্তা ডেস্কঃ

নেপালের দুর্গম শে-ফোকসুন্ডো হ্রদ থেকে ট্রেকিং করে ফেরার পথে প্রবল তুষারঝড়ে নিখোঁজ হয়েছেন দুই মহিলাসহ মোট ছয় ভারতীয় পর্যটক। নুমলা ও বাগলা পাস সংলগ্ন অত্যন্ত দুর্গম এলাকায় শেষবার দেখা মিললেও বর্তমানে তাঁদের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন। স্থানীয় বাসিন্দারা প্রতিকূল আবহাওয়া নিয়ে আগেই সতর্ক করলেও তা উপেক্ষা করেই দলটি যাত্রাপথ শুরু করেছিল বলে জানা গিয়েছে। অনুমান করা হচ্ছে, প্রবল তুষারপাত ও ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে সৃষ্টি হওয়া প্রতিকূল পরিস্থিতিতে পাহাড়ি গিরিপথেই আটকা পড়েছেন তাঁরা।

দুর্ঘটনাস্থলে পুরু বরফ জমে থাকা এবং মোবাইল নেটওয়ার্ক সম্পূর্ণ অনুপস্থিত থাকায় পর্যটকদের সঠিক অবস্থান চিহ্নিত করতে প্রচণ্ড বেগ পেতে হচ্ছে। নিখোঁজদের দ্রুত সন্ধানে ও দুর্গম স্থান থেকে উদ্ধারে সেনার দল মোতায়েনের পাশাপাশি হেলিকপ্টারের জরুরি অনুরোধ জানানো হয়েছে। ডোলপা জেলা প্রশাসন আপার ডোলপো এলাকায় থাকা অন্য সমস্ত পর্যটকদেরও নিরাপদ স্থানে থাকার নির্দেশ দিয়েছে। উদ্ধার অভিযান শুরু হলেও লাগাতার তুষারপাতের ফলে পরিস্থিতি প্রতি মুহূর্তে আরও জটিল হয়ে উঠছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *