সিঙ্গুরে তৃণমূল কার্যালয়ে রক্তাক্ত বর্ষীয়ান নেতা, কার ইশারায় এই তাণ্ডব?
বার্তা ডেস্কঃ
হুগলির সিঙ্গুরে ব্লক তৃণমূল কার্যালয়ে ঢুকে ভয়াবহ হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, শনিবার সন্ধ্যায় দলীয় বৈঠক শেষে স্থানীয় নেতারা কার্যালয়ে বসে থাকার সময় একদল দুষ্কৃতী প্রবীণ নেতা বেচারাম মান্নার খোঁজ করতে করতে ভেতরে প্রবেশ করে। তাঁর অনুপস্থিতির কথা জানতে পেরে দুষ্কৃতীরা উপস্থিত কর্মীদের ওপর আচমকা চড়াও হয় এবং বেধড়ক মারধর শুরু করে। এই ঘটনায় অন্তত পাঁচজন কর্মী মারাত্মকভাবে আহত হয়েছেন এবং সিঙ্গুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ তথা প্রবীণ তৃণমূল নেতা দুখিরাম দাসের মাথা ফেটে যায়।
ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তৃণমূলের পক্ষ থেকে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ তোলা হলেও, পদ্ম শিবির সেই দাবি পুরোপুরি অস্বীকার করেছে। বিজেপির জেলা নেতৃত্বের দাবি, এই ঘটনায় তাদের কোনো যোগ নেই; এটি সম্পূর্ণ তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফল। অন্যদিকে, পুলিশ জানিয়েছে যে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করার প্রক্রিয়া চলছে, তবে এখনও পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। আক্রমণ ও পাল্টা অভিযোগে উত্তপ্ত সিঙ্গুরের রাজনীতি।