কলকাতা পুরভোটের আগেই বামেদের বড় ঝটকা, তোলপাড় রাজ্য রাজনীতি!
বার্তা ডেস্কঃ 
কলকাতা পুরসভা নির্বাচনে আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণে অনিয়মের অভিযোগ তুলে মামলা দায়ের করে মুখ পুড়ল সিপিএমের। এই বিষয়ে সিঙ্গল বেঞ্চ কোনো অন্তর্বর্তী নির্দেশ না দেওয়ায় বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় ও বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন বাম নেতা দীপু দাস। কিন্তু আদালত দ্রুত শুনানির সেই আর্জি সাফ খারিজ করে দিয়েছে। আদালত জানিয়েছে, জরুরি ভিত্তিতে পুজোর অবকাশকালীন বেঞ্চে এই শুনানির কোনো প্রয়োজন নেই এবং প্রয়োজনে সিঙ্গল বেঞ্চেই আবেদন জানানো যাবে। ফলে পুরসভা নির্বাচন ঘোষণার ক্ষেত্রে প্রশাসনিক স্তরে আর কোনো বাধা রইল না।
উল্লেখ্য, নতুন সীমানা নির্ধারণের পর কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে একধাক্কায় বেড়ে হয়েছে ২০৯টি। আবেদনকারীর দাবি ছিল, সঠিক জনশুনানি, জনসংখ্যা ও ভৌগোলিক অবস্থান বিবেচনা না করেই একটি নির্দিষ্ট দলকে বিশেষ সুবিধা দিতে এই পরিবর্তন করা হয়েছে। তবে সিঙ্গল বেঞ্চের বিচারক হিরণ্ময় ভট্টাচার্য অন্তর্বর্তী স্থগিতাদেশ না দিয়ে ২৯ অক্টোবরের মধ্যে সব পক্ষকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। দ্রুত নির্বাচনের আশঙ্কায় বামেরা উচ্চতর বেঞ্চের কাছে তড়িঘড়ি স্থগিতাদেশের দাবি জানালেও শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হলো তাদের।