দিয়া মির্জার ভিডিও সরাতেই বিএমসি-কে তীব্র ভর্ৎসনা বম্বে হাইকোর্টের, ফের আপলোডের কড়া নির্দেশ!

বার্তা ডেস্কঃ

দূষণমুক্ত দীপাবলির সচেতনতামূলক ভিডিও নিয়ে মুম্বইয়ে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক। বম্বে হাইকোর্টের আগের নির্দেশ মেনেই পরিবেশ সচেতনতার বার্তা দিতে অভিনেত্রী দিয়া মির্জার একটি ভিডিও শেয়ার করেছিল বৃহ্নমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)। কিন্তু ভিডিওটিতে দিয়া শব্দদূষণ রোধ ও বাজি না পোড়ানোর আবেদন জানানোর পরপরই ক্ষোভ উগরে দেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। অভিনেত্রীকে ‘হিন্দুবিরোধী’ ও ‘সরকারবিরোধী’ আখ্যা দিয়ে বিএমসি-র এক্স হ্যান্ডেল থেকে ভিডিওটি সরিয়ে দেওয়া হয়। এমনকি মুম্বইয়ের মেয়র ঋতু তাওড়ে দিয়াকে ব্ল্যাকলিস্ট করারও দাবি তোলেন।

এই ঘটনায় বম্বে হাইকোর্ট বিএমসি-র ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। বিচারপতি গিরিশ কুলকার্নি ও বিচারপতি নীলা গোখলের বেঞ্চ পুরনিগমকে কড়া ভাষায় তিরস্কার করে জানায়, পরিবেশের বার্তায় এভাবে রাজনৈতিক রং লাগানো এবং জনপ্রতিনিধিদের এমন সংকীর্ণ মানসিকতা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই আচরণ দেশের ধর্মনিরপেক্ষতার আদর্শে বড় আঘাত বলেও মন্তব্য করে আদালত। একই সঙ্গে কোনো চাপের কাছে নতিস্বীকার না করে বিতর্কিত ওই ভিডিওটি অবিলম্বে পুনরায় সোশ্যাল মিডিয়ায় আপলোড করার স্পষ্ট নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *