তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক স্মৃতি ইরানি, বাংলায় অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড দেওয়ার অভিযোগ!
বার্তা ডেস্কঃ
কলকাতায় বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেস ও বিরোধী ‘ইন্ডি’ জোটকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের সফররত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। বাংলায় ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের নাম তোলার দায় শাসকদলের ওপর চাপিয়ে তিনি প্রশ্ন তোলেন, বিরোধীরা এ রাজ্যে আন্দোলন না করে কেন দিল্লিতে গিয়ে প্রতিবাদের নাটক করছে। একই সঙ্গে রাহুল গান্ধীসহ বিরোধীদের নিশানা করে স্মৃতি ইরানি জানান, কংগ্রেস আগেও বিভিন্ন নির্বাচনে হারত এবং এখন নির্বাচনে হেরে নিজেদের দোষ ঢাকতে বারবার নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও তৃণমূলের অভিযোগ ও অবস্থানকে তীব্র চ্যালেঞ্জ জানান। এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার প্রশ্ন তুলে তিনি মন্তব্য করেন, সঠিকভাবে যাচাই হলে ভোটার তালিকা থেকে আরও নাম বাদ যেত। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিরোধীদের জোটের রাজনৈতিক দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলে তিনি অধীর চৌধুরী, সিপিএম ও তৃণমূলকে একযোগে ময়দানে নেমে মিছিল করার বার্তা দেন।