ব্লিচিং দিয়ে সাফ করব বাংলা, উত্তরবঙ্গে হুঙ্কার শুভেন্দুর!
বার্তা ডেস্কঃ
পুরসভা নির্বাচনের প্রাক্কালে শিলিগুড়ি থেকে বিরোধীদের প্রতি তোপ দেগে একগুচ্ছ নতুন উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার শিলিগুড়িতে আয়োজিত ‘গণতন্ত্র বাঁচাও অরাজকতা হটাও’ মিছিলে অংশ নিয়ে তিনি বলেন, “ব্লিচিং ও ফিনাইল দিয়ে কলকাতা ও হাওড়া সাফ করে আমরা শিলিগুড়িতে প্রবেশ করব।” উত্তরবঙ্গের রাজনৈতিক গুরুত্ব স্মরণ করিয়ে দিয়ে তিনি স্পষ্ট জানান, উত্তরবঙ্গকে বাদ দিয়ে পুরো পশ্চিমবঙ্গ কল্পনা করা যায় না। সভার পর দলীয় নেতৃত্বের উপস্থিতিতে তিনি শিলিগুড়ি সহ রাজ্যজুড়ে বিজেপির জয়ের ব্যাপারে দৃঢ় আত্মবিশ্বাস ব্যক্ত করেন।
উত্তরবঙ্গের সার্বিক রূপান্তরের লক্ষ্যে বেশ কিছু মেগা প্রকল্পের ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, এই অঞ্চলে স্বাস্থ্য ও শিক্ষার মানোন্নয়নে একাধিক মেডিক্যাল কলেজ, ক্যানসার হাসপাতাল এবং আইআইটি বা আইআইএম গড়ে তোলার জন্য জমি দেখার কাজ চলছে। পাশাপাশি, পরিকাঠামো ও পর্যটন খাতের প্রসারে হাসিমারা, বালুরঘাট ও কলাইকুন্ডা বিমানবন্দর চালুর প্রতিশ্রুতি দেন তিনি। বন্ধ হয়ে যাওয়া চা বাগানগুলি পুনরায় চালু করার অঙ্গীকার করে তিনি দাবি করেন, কলকাতা ও হাওড়া পুরভোটের সাফল্যের পর আসন্ন ফেব্রুয়ারিতে শিলিগুড়ি পুরসভাতেও বিজেপির জয় সুনিশ্চিত।