ইউরোপের সুপারমার্কেটে ভয়াবহ সাইবার হামলা, গরমে নষ্ট টন টন খাবার!
বার্তা ডেস্কঃ
সাইবার অপরাধের এক অভিনব এবং উদ্বেগজনক ঘটনার সাক্ষী রইল ইউরোপ। ইন্টারনেটের মাধ্যমে দূর থেকেই নিয়ন্ত্রণ করা হচ্ছে একাধিক দেশের সুপারমার্কেটের শীতলীকরণ ব্যবস্থা। হ্যাকারদের কারসাজিতে ফ্রিজ ও ফ্রিজারগুলির তাপমাত্রা রাতারাতি অস্বাভাবিকভাবে বেড়ে কোথাও কোথাও ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে। এর জেরে মাছ, মাংস, দুধ ও পনিরের মতো প্রয়োজনীয় ও পচনশীল খাদ্যসামগ্রী পুরোপুরি নষ্ট হয়ে গেছে, যা নিয়ে বিপণি কর্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, আয়ারল্যান্ড, সুইডেন, বেলজিয়াম, লুক্সেমবার্গ, এস্তোনিয়া এবং ফিনল্যান্ডের মতো অন্তত ছয়টি দেশের সুপারমার্কেট এই সাইবার হামলার কবলে পড়েছে। হ্যাকাররা বাষ্পীভবন যন্ত্রগুলিকে দীর্ঘ সময় ধরে ডিফ্রস্ট মোডে সচল রেখে এই কাণ্ড ঘটিয়েছে। বিশেষজ্ঞদের মতে, বড় বিপণিগুলির বিভিন্ন প্রযুক্তিগত পরিষেবা একই নেটওয়ার্কে সংযুক্ত থাকার জন্যই সাইবার বিশেষজ্ঞরা এই ধরনের নিরাপত্তা ত্রুটির আশঙ্কা করছেন।