শতবর্ষী প্রাচীন মসজিদ ভাঙার পথে মোদী সরকার, বাড়ছে তীব্র বিতর্ক!
বার্তা ডেস্কঃ
সেন্ট্রাল ভিস্তা পুনর্নির্মাণ প্রকল্পের জেরে দিল্লির কৃষি ভবনে অবস্থিত প্রায় একশো বছরের পুরনো কাদিমি মসজিদ সরানোর পক্ষে সওয়াল করেছে কেন্দ্রীয় সরকার। দিল্লি হাইকোর্টে জমা দেওয়া এক হলফনামায় কেন্দ্র পরিষ্কার জানিয়ে দিয়েছে, কৃষি ভবন এবং সেন্ট্রাল সেক্রেটারিয়েট কমপ্লেক্স সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ সরকারি এলাকা। এই চত্বরে শুধুমাত্র প্রশাসনিক কাজ ও জনপরিষেবা পরিচালিত হয়, ফলে এখানে কোনো স্থায়ী ধর্মীয় কাঠামো রাখা সরকারি সম্পত্তির ধর্মনিরপেক্ষ চরিত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
১৯৪০ সালের একটি চুক্তির মাধ্যমে মসজিদ কমিটিকে জায়গা ব্যবহারের অনুমতি দেওয়া হলেও এর ওপর কমিটির কোনো আইনি মালিকানা তৈরি হয়নি বলে জানিয়েছে কেন্দ্র। পাশাপাশি, বিকল্প জমির দাবিও খারিজ করে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষি ভবনের দুই কিলোমিটারের মধ্যেই অন্য একটি সচল মসজিদ রয়েছে। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের মাস্টার প্ল্যানের অংশ হিসেবে এই ঐতিহাসিক মসজিদটি ঘিরে চলা আইনি দ্বন্দ্বে এখন কেন্দ্রের এই কঠোর অবস্থান নতুন করে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।