বাঁকুড়ায় ‘পদ্ম’ ফুটতেই ভোলবদল! নিজে হাতে মমতার ছবি মুছলেন বিষ্ণুপুরের তৃণমূল নেতা সুকান্ত

বাঁকুড়া: ফল প্রকাশ হতেই বাঁকুড়া জেলা জুড়ে রাজনৈতিক রঙ পরিবর্তনের এক নাটকীয় ছবি ধরা পড়ল। বাঁকুড়া জেলার ১২টি আসনের অধিকাংশতেই যখন বিজেপি প্রার্থীদের জয় নিশ্চিত বলে মনে করা হচ্ছে, ঠিক তখনই ভোলবদল করলেন বিষ্ণুপুর শহর তৃণমূলের প্রাক্তন যুব সভাপতি সুকান্ত রায়। যে নেত্রীর ছবি নিয়ে একসময় প্রচারের ময়দান কাঁপিয়েছেন, আজ সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতেই নিজের হাতে সাদা রং লেপে দিলেন তিনি।

গেরুয়া আবিরে ভোলবদল

বিষ্ণুপুর পৌরসভার সামনে এদিন এক নজিরবিহীন দৃশ্য দেখা যায়। গায়ে গেরুয়া আবির মেখে প্রকাশ্য রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির ওপর সাদা রং দিয়ে তা মুছে ফেলেন সুকান্ত রায়। প্রচার পর্বে যে সুকান্ত রায়কে তৃণমূলের সামনের সারিতে দেখা গিয়েছিল, ফল বেরোনোর কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর এই ‘গেরুয়া’ রূপ দেখে হতবাক রাজনৈতিক মহল।

পরাজয়ের গ্রাস ও প্রতিকিয়া

বাঁকুড়া জেলায় এবার ঘাসফুল শিবিরের ফলাফল আশানুরূপ হয়নি। জেলার প্রায় সব ক’টি কেন্দ্রেই বিজেপির বড় ব্যবধানে জয় এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছে। সুকান্ত রায়ের দাবি, তিনি মানুষের ভাবাবেগের সাথেই রয়েছেন। তৃণমূলের দেওয়াল লিখন মুছে ফেলার সময় তাঁকে যথেষ্ট উচ্ছ্বসিত দেখাচ্ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে বিষ্ণুপুর শহরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

তৃণমূলের অস্বস্তি

গণনার অন্তিম পর্যায়ে দলীয় কর্মীর এই আচরণে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে তৃণমূলের জেলা নেতৃত্ব। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পরাজয় নিশ্চিত জেনে অনেক নেতা-কর্মীই এখন নিরাপদ আশ্রয় খুঁজছেন এবং সুকান্ত রায়ের এই ছবি মোছা তারই এক নগ্ন বহিঃপ্রকাশ। বিষ্ণুপুরের মাটিতে জোড়াফুলের দেওয়ালে সাদা রং এখন জেলায় তৃণমূলের বিপর্যয়ের এক প্রতীকী চিত্র হয়ে দাঁড়িয়েছে।

প্রতিবেদক: বর্তমান ঠাকুর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *