তামিলনাড়ুতে ‘বিজয়’ সুনামি! কোলাথুরে হারলেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন

বাংলার বিধানসভা নির্বাচনের ফলাফলের উত্তেজনার মাঝেই দক্ষিণ ভারত থেকে এল এক চাঞ্চল্যকর খবর। তামিলনাড়ুর রাজনীতিতে ঘটে গেল এক ঐতিহাসিক পটপরিবর্তন। দীর্ঘ পাঁচ দশকের দ্রাবিড় রাজনীতির সমীকরণ ওলটপালট করে দিয়ে জয়জয়কার হলো সুপারস্টার থলপতি বিজয়ের দল ‘তামিলাগা ভেট্রি কাজাগাম’ (TVK)-এর। এই ঝড়ে নিজের গড় সামলাতে পারলেন না খোদ বিদায়ী মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।

কোলাথুরে স্ট্যালিনের পতন

তামিলনাড়ুর অন্যতম হাই-ভোল্টেজ কেন্দ্র কোলাথুরে বড়সড় বিপর্যয়ের মুখে পড়লেন ডিএমকে (DMK) প্রধান এমকে স্ট্যালিন। এই আসনে বিজয়ের দলের প্রার্থী ভিএস বাবুর কাছে ৮,৭৯৫ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন তিনি। কোলাথুর আসনটি স্ট্যালিনের দুর্ভেদ্য দুর্গ হিসেবে পরিচিত ছিল, কিন্তু এবার সেখানে থলপতি বিজয়ের ‘ম্যাজিক’ কাজ করে গেল।

তৃতীয় স্থানে এআইএডিএমকে

এক সময়ের প্রধান বিরোধী দল এআইএডিএমকে (AIADMK) এই লড়াইয়ে কার্যত প্রাসঙ্গিকতা হারিয়েছে। কোলাথুর কেন্দ্রে তাদের প্রার্থী পি সান্থানা কৃষ্ণাণ তৃতীয় স্থানে শেষ করেছেন। দ্রাবিড় রাজনীতির দুই প্রধান স্তম্ভ— ডিএমকে এবং এআইএডিএমকে-কে সরিয়ে বিজয়ের এই উত্থান তামিল রাজনীতির এক নতুন যুগের সূচনা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তামিল রাজনীতিতে নতুন শক্তি

বিজয়-এর দল টিভিকে যেভাবে নির্বাচনী ময়দানে ঝড় তুলেছে, তাতে অনেক হেভিওয়েট ডিএমকে মন্ত্রীর আসনও টলমল। স্ট্যালিনের এই পরাজয় কেবল একটি আসনের হার নয়, বরং এটি তামিলনাড়ুর মানুষের পরিবর্তনের আকাঙ্খার প্রতিফলন। বিজয়ের অনুগামীরা ইতিমধ্যেই রাজ্যজুড়ে উৎসবে মেতেছেন। এমকে স্ট্যালিনের মতো পোড়খাওয়া রাজনীতিকের এই হার আগামী দিনে জাতীয় রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে।

প্রতিবেদক: বর্তমান ঠাকুর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *