অভিষেকের আপ্তসহায়ককে জেরা করে মিলল কোটি টাকা, তৃণমূলের অফিসে তল্লাশিতেই চাঞ্চল্য!
বার্তা ডেস্কঃ
সরিষায় তৃণমূল বিধায়কের কার্যালয় থেকে ১ কোটি টাকার বেশি উদ্ধার, তদন্তে পুলিশ
নিজস্ব প্রতিবেদক, ডায়মন্ড হারবার: দক্ষিণ ২৪ পরগনার সরিষায় একটি কার্যালয় থেকে নগদ ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মজুমদার সাংবাদিক বৈঠক করে এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, যে কার্যালয় থেকে এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়েছে, সেটি মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামিম আহমেদের কার্যালয় হিসেবে পরিচিত। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সুমিত রায় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মজুমদার জানিয়েছেন, উদ্ধার হওয়া অর্থের উৎস কী, কী উদ্দেশ্যে এই টাকা দলীয় কার্যালয়ে মজুত রাখা হয়েছিল এবং এর সঙ্গে আরও কারা জড়িত রয়েছেন, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। ধৃত সুমিত রায়কে জেরা করে ঘটনার নেপথ্যে থাকা অন্যান্য তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক শোরগোল পড়েছে। অর্থের উৎস ও বিধায়কের কার্যালয়ে এই বিপুল পরিমাণ টাকা মজুত থাকার বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।