কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক নির্দেশে তোলপাড় রাজ্য রাজনীতি!
বার্তা ডেস্কঃ
কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন সংক্রান্ত মামলায় এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই মামলার রায় প্রকাশিত হওয়ার আগে কলকাতা পুরনিগমের কোনো নির্বাচন বা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা যাবে না। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ জারি করেছে। আইনি প্রক্রিয়া ও নিয়ম মেনে আসন পুনর্বিন্যাস না হওয়ার অভিযোগ তুলে এই মামলা দায়ের করেছিলেন কসবার এক বাসিন্দা। সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলাটি ডিভিশন বেঞ্চে গড়ালে দ্রুত শুনানির পর আদালত এই অন্তর্বর্তী পদক্ষেপ করে।
নির্ধারিত তালিকা অনুযায়ী এদিন মামলার শুনানি সম্পূর্ণ হওয়ার পর আদালত জানিয়েছে যে আগামী শুক্রবার এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হবে। মামলার মূল আবেদনকারীর আশঙ্কা ছিল, আইনি প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা ঘটলে রায়দানের আগেই পুরভোট ঘোষণা হয়ে যেতে পারে, যার ফলে মামলার কার্যকারিতা নষ্ট হবে। ডিভিশন বেঞ্চ সেই আশঙ্কাকে গুরুত্ব দিয়ে রায়দানের পূর্ব পর্যন্ত নির্বাচন সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি জারির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। আদালতের এই রায়ের দিকেই এখন তাক রয়েছে রাজনৈতিক মহল ও শহরবাসীর।