কলেজ পড়ুয়াদের টার্গেট, বীরভূম-বর্ধমান কাঁপানো মাদকের কারবারি ‘ব্যাঙ’ এখন জালে!
বার্তা ডেস্কঃ
পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলায় কলেজ পড়ুয়াদের নিশানা করে রমরমিয়ে মাদক পাচার চক্র চালানোর অভিযোগে শরিফুদ্দিন শেখ ওরফে ‘ব্যাঙ’ নামের এক পাণ্ডাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে কাঁকসার মলানদিঘি ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে শিবপুর এলাকার একটি গোপন আস্তানা থেকে বিপুল পরিমাণ মাদক সহ তাকে পাকড়াও করে। বীরভূম থেকে অজয় নদের সেতু পেরিয়ে বাইকে করে এই মাদক নিয়ে আসা হতো এবং তা দুই জেলার সীমান্তকে করিডর বানিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হতো বলে পুলিশ জানতে পেরেছে।
রাজ্যকে মাদকমুক্ত করার চলমান অভিযানের অংশ হিসেবে পুলিশ এই সাফল্য অর্জন করেছে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে এই বিশাল চক্রের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের সন্ধান পেতে চাইছে তদন্তকারীরা। আজ বুধবার ধৃতকে আসানসোল জেলা আদালতে তোলা হয়। পুলিশ মনে করছে, তাকে আরও জিজ্ঞাসাবাদ করলে মাদক পাচারের এই রুট ও নেপথ্যের মূল মাথাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসবে।