অস্ত্রোপচারের মাঝপথেই মৃত্যু, বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে ডোমজুড়!
বার্তা ডেস্কঃ
ডোমজুড়ের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার চলাকালীন মাঝপথে তা বন্ধ করে দেওয়ার ঘটনায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃতার নাম স্বপ্না পাল, বয়স পঞ্চাশ বছর। পেটের টিউমার নিয়ে শনিবার ওই হাসপাতালে ভর্তি হন তিনি। গাইনোকোলজিস্ট বিমান মিত্রের অধীনে তাঁর চিকিৎসা চলছিল। বুধবার সকালে অস্ত্রোপচার শুরু হওয়ার কিছু সময় পর চিকিৎসক পরিবারকে জানান টিউমার বড় ও জটিল হওয়ায় এখানে অপারেশন সম্ভব নয়। কাটা অংশ সেলাই করে রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়। এর কিছুক্ষণ পরেই রোগীর মৃত্যুর খবর ছড়ালে হাসপাতালে চরম উত্তেজনার সৃষ্টি হয়।
এই আকস্মিক মৃত্যুর জেরে চিকিৎসায় গাফিলতির গুরুতর অভিযোগ তুলেছে মৃতের পরিবার। অস্ত্রোপচারের আগে বিভিন্ন পরীক্ষা করানো সত্ত্বেও কেন টিউমারের জটিলতা বুঝতে পারা গেল না এবং ঝুঁকি নেওয়া হলো, সেই প্রশ্ন তুলেছেন স্বজনেরা। ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে প্রচুর পুলিশ ও র্যাফ মোতায়েন করা হয়। পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছেন জেলা স্বাস্থ্য আধিকারিকরা। হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।