পর্তুগালের জার্সিতে রোনাল্ডো জুনিয়রের অবিশ্বাস্য ম্যাজিক!

বার্তা ডেস্কঃ

 

পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দলে ডাক পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পুত্র

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ফুটবলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেখানো পথেই হাঁটছেন তাঁর পুত্র ক্রিশ্চিয়ানো জুনিয়র। এবার পর্তুগাল অনূর্ধ্ব-১৭ জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। বাবার মতোই নিজেকে প্রমাণ করতে প্রস্তুত জুনিয়র।

বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসেরের যুব দলের হয়ে খেলছেন জুনিয়র। এর আগে পর্তুগালের অনূর্ধ্ব-১৫ এবং অনূর্ধ্ব-১৬ দলেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। ২০২৫ সালের মে মাসে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত এই দুই বয়সভিত্তিক দলের হয়ে মোট ১৩টি ম্যাচ খেলে ৫টি গোল করেছেন রোনাল্ডো পুত্র।

ইউরোপিয়ান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন পর্বে অংশ নেবে পর্তুগাল। আগামী ১১ নভেম্বর অ্যান্ডোরার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের যাত্রা শুরু হবে। এরপর যথাক্রমে ১৪ নভেম্বর বুলগেরিয়া ও ১৭ নভেম্বর সার্বিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। এই গ্রুপের সেরা দুটি দল পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করবে।

ছেলের ফুটবল ক্যারিয়ার নিয়ে আগেও নিজের মতামত ব্যক্ত করেছিলেন রোনাল্ডো। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “শুধু প্রতিভা থাকলেই বড় ফুটবলার হওয়া যায় না, তার জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম ও একাগ্রতা।” জুনিয়রের গতি এবং ড্রিবলিংয়ের প্রশংসা করলেও রোনাল্ডো বরাবরই চেয়েছেন তার ছেলে যেন নিজের যোগ্যতায় সেরা জায়গায় পৌঁছায়। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফুটবলার হওয়ার জন্য ছেলেকে তিনি কোনো বাড়তি চাপ দেবেন না।

বাবার নাম আর ঐতিহ্যের ভার পেছনে ফেলে জুনিয়র এখন নিজের ফুটবল সত্তা গড়ার লড়াইয়ে মনোনিবেশ করেছেন। অনূর্ধ্ব-১৭ দলের হয়ে নিজেকে কতটা মেলে ধরতে পারেন, এখন সেটাই দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *