পুজোর রেশ কাটতে না কাটতেই বাজিবাজারে কড়া নজরদারি!

বার্তা ডেস্কঃ

 

বুধবার থেকে শুরু কলকাতার চারটি বাজি বাজার, জোর দেওয়া হয়েছে সুরক্ষায়

নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার থেকে শুরু হওয়ার কথা থাকলেও, বিভিন্ন কারণে একদিন পিছিয়ে বুধবার থেকে শুরু হচ্ছে কলকাতার চারটি সরকার অনুমোদিত বাজি বাজার। শহিদ মিনার, বেহালা, কালিকাপুর ও টালা পার্ক—এই চার স্থানেই বুধবার বেলা ১১টার পর পুলিশ কমিশনারের পরিদর্শনের পরেই আনুষ্ঠানিকভাবে কেনাবেচা শুরু হবে।

এ বছর বাজি বাজারে সুরক্ষার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। শহিদ মিনার বাজি বাজারের অন্যতম উদ্যোক্তা শান্তনু দত্ত জানান, মাঠ পেতে কিছুটা দেরি হলেও অগ্নিনির্বাপণের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। উদ্যোক্তারা এবার নিজেদের উদ্যোগে ‘ফায়ার বাইক’-এর ব্যবস্থাও রেখেছেন। টালা বাজি বাজারে এ বছর ৪৮টি স্টল বসছে এবং নিরাপত্তার খাতিরে বাড়তি গেট তৈরি করা হয়েছে। কালিকাপুর বাজি বাজারের উদ্যোক্তা শ্যামাপ্রসাদ মজুমদার জানান, সেখানে ইতিমধ্যে দোকান তৈরি ও বাজি মজুত করার কাজ শেষ হয়েছে। সোমবারই যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায় এই বাজারের উদ্বোধন করেছেন।

ব্যবসায়ীরা জানিয়েছেন, এবছর সবুজ বাজিতে কোনো কিউআর কোড থাকছে না। পরিবর্তে ক্রেতাদের সচেতন করতে বৈধ বাজি প্রস্তুতকারক সংস্থাগুলির একটি তালিকা দোকানে টাঙিয়ে দেওয়া হবে। আগামী ৮ নভেম্বর পর্যন্ত এই চারটি বাজার চালু থাকবে।

উল্লেখ্য, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশিকা অনুযায়ী, কালীপুজোর দিন শুধুমাত্র রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত এবং ছট পুজোর দিন সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত সবুজ বাজি পোড়ানো যাবে। বাজারে কেবল অনুমোদিত এই সবুজ বাজিই বিক্রি হবে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *