হার্টব্লক ধরা পড়ায় ফিরিয়ে দিল হাসপাতালগুলো, সরকারি হাসপাতালেই মিলল নতুন জীবন!
বার্তা ডেস্কঃ
পূর্ব বর্ধমানের বাসিন্দা ৯১ বছর বয়সি করুণাময় হালদার গুরুতর হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে একাধিক হাসপাতাল ঘুরে অবশেষে ভদ্রেশ্বর পুরসভা পরিচালিত হাসপাতালে ভরতি হন। তাঁর হার্টের দু’দিকেই ব্লক থাকায় অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল এবং অন্যান্য হাসপাতালগুলি তাঁকে কলকাতায় স্থানান্তরের পরামর্শ দিয়েছিল। কিন্তু ভদ্রেশ্বর হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ শুভেন্দু চট্টোপাধ্যায়ের নেতৃত্বে চিকিৎসকরা দ্রুত সাহসিকতার সঙ্গে প্রথমে টেম্পোরারি পেসমেকার বসান এবং পরবর্তীতে জটিল অপারেশনের মাধ্যমে রক্তনালী ১০০ শতাংশ সচল করে তাঁকে নতুন জীবন ফিরিয়ে দেন।
এই সফল অস্ত্রোপচারের ফলে বর্তমানে রোগী অনেকটাই সুস্থ রয়েছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে আগামী কয়েকদিনের মধ্যেই তাঁর বাড়ি ফেরার সম্ভাবনা রয়েছে। চিকিৎসক শুভেন্দু চট্টোপাধ্যায় জানান যে অতীতে এই ধরনের চিকিৎসার জন্য রোগীদের দক্ষিণ ভারতে নিয়ে যেতে হলেও বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে ক্যাথ ল্যাব ও কার্ডিয়াক ইন্টারভেনশনের যথেষ্ট উন্নতি ঘটেছে এবং রাজ্যেই এখন সব ধরনের উন্নত চিকিৎসা সফলভাবে সম্পন্ন হচ্ছে।