ইউটিউব দেখে জাল নোট তৈরির কারবার, ৬ কোটি ৭৮ লক্ষ টাকাসহ গ্রেফতার ৪!
বার্তা ডেস্কঃ
ইউটিউবের ভিডিও দেখে জাল নোট তৈরির কৌশল শিখে হায়দরাবাদের উপকণ্ঠে একটি ভাড়া বাড়িতে জাল নোট ছাপানোর কারখানা চালিয়ে আসছিল এক চক্র। তেলঙ্গানার হায়দরাবাদে পুলিশ এই চক্রের পর্দাফাঁস করে চারজনকে গ্রেফতার করেছে এবং তাদের কাছ থেকে মোট ৬ কোটি ৭৮ লক্ষ টাকা মূল্যের জাল নোট উদ্ধার করেছে। ন্যাশনাল হাইওয়েতে গাড়ি আটক করে তল্লাশির পর তদন্তকারীরা কুন্টলুর এলাকার ওই ভাড়া বাড়ির সন্ধান পান, যেখান থেকে ১৩৪ বান্ডিল ৫০০ টাকার জাল নোট ছাড়াও রঙিন প্রিন্টার, স্ক্যানার, ল্যাপটপ, ল্যামিনেশন মেশিন এবং নোট কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়।
ফিউচার সিটি পুলিশের কমিশনার ডক্টর তরুণ যোশী জানিয়েছেন, মূল অভিযুক্ত মাদুপোজু কর্ণাকার সোশ্যাল মিডিয়া ও ইউটিউব দেখে আসল ৫০০ টাকার নোট স্ক্যান ও ফটোশপ ব্যবহার করে জাল নোট তৈরি করতেন। অভিযুক্তরা প্রতি ১ লক্ষ টাকা আসল নগদের বিনিময়ে ৩ থেকে ৪ লক্ষ টাকার জাল নোট দেওয়ার পরিকল্পনা করলেও ক্রেতাদের সাড়া না মেলায় নতুন কায়দা নেয়। ভুয়ো পরিচয়পত্র, ওয়াকিটকি, নকল পিস্তল এবং জাল নম্বর প্লেট লাগানো গাড়ি ব্যবহার করে নিজেদের পুলিশকর্মী পরিচয় দিয়ে ক্রেতাদের ভয় দেখিয়ে আসল টাকা ছিনিয়ে নিত তারা, যার প্রমাণ মিলেছে দুটি পৃথক ঘটনায়। এই ঘটনায় চারজনকে গ্রেফতার করা হলেও আরও তিনজন অভিযুক্ত পলাতক রয়েছে এবং তাদের খোঁজে তল্লাশি চলছে।