তৃণমূল স্তরের তথ্যে জোর দিন, আইএসআই-কে কড়া পরামর্শ মুখ্যমন্ত্রীর উপদেষ্টার!
বার্তা ডেস্কঃ
প্রশাসনিক কাজে তথ্য ভাণ্ডার থাকা এবং তার বাস্তব ব্যবহারের মধ্যে বিস্তর তফাত রয়েছে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত। আইএসআই কনক্লেভে অংশ নিয়ে তিনি জানান, জনকল্যাণমূলক প্রকল্প রূপায়ণ এবং সঠিক নীতি নির্ধারণের জন্য তৃণমূল স্তর থেকে নিরবচ্ছিন্ন তথ্যের সরবরাহ অত্যন্ত জরুরি। জলপাইগুড়ি ও বর্ধমানের নানা প্রশাসনিক অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, নিচু তলার সঠিক তথ্যের অভাবে অনেক সময় নিয়োগ বা সেচ প্রকল্পের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নে বড় ধরনের সমস্যা তৈরি হয়।
জিএসটি, শিল্প ও অর্থ দপ্তরের মতো বিভিন্ন দপ্তরের নিজস্ব ডেটা প্যাটার্ন থাকলেও সেগুলিকে এক জায়গায় করা এবং তার ব্যবহার নিশ্চিত করার ক্ষেত্রে আইএসআই-কে বিশেষ ভূমিকা নেওয়ার আবেদন জানান তিনি। সুব্রত গুপ্তের মতে, প্রশাসনিক ডেটাবেস তৈরির এই চ্যালেঞ্জ মোকাবিলায় সমস্ত তথ্য এক ছাদের তলায় নিয়ে এসে তা সঠিকভাবে কাজে লাগানোর পরিবেশ গড়ে তুলতে হবে।