ইউনেসকোর নাম ভাঁড়িয়ে কোটি টাকার দুর্নীতি, অবশেষে লালবাজারের জালে মাস্টারমাইন্ড ধ্রুবজ্যোতি!

বার্তা ডেস্কঃ

ইউনেসকোর নাম ব্যবহার করে দুর্গাপুজোর পাস বিক্রির কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় মূল অভিযুক্ত ধ্রুবজ্যোতি বসু ওরফে শুভকে গ্রেপ্তার করল লালবাজারের ‘সিট’। বুধবার রাতে মধ্য কলকাতার পোদ্দার কোর্ট এলাকা থেকে ইন্দ্রনীল সেনের সংস্থা ‘মাস আর্ট’-এর সেক্রেটারি এই ধ্রুবজ্যোতিকে ধরা হয়, যিনি এতদিন পলাতক ছিলেন। সম্প্রতি হাইকোর্টে তাঁর আগাম জামিনের আর্জিও খারিজ হয়ে যায়। ধ্রুবজ্যোতির গ্রেপ্তারি প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “কোটি কোটি টাকা এরা চুরি করেছে, ডাকাতটা আগেই ধরা পড়েছে, এটা তো নিকৃষ্টতম চোর।”

তদন্তে উঠে এসেছে, পুজো পাস ছাড়াও টুরিস্ট লজ সংস্কার, বইমেলা ও চলচ্চিত্র উৎসবের সরকারি টেন্ডার বেআইনিভাবে ঘনিষ্ঠ সংস্থাকে পাইয়ে দিয়ে ৩০০ কোটি টাকার বেশি কাটমানি নেওয়া হয়েছে। নিয়ম না থাকা সত্ত্বেও গিডি ক্রিয়েশন, থার্ড আই ক্রিয়েশন ও রূপকারের মতো সংস্থাকে কোটি কোটি টাকার টেন্ডার দেওয়া হয়। এর বিনিময়ে বিপুল পরিমাণ টাকা সরাসরি ও ২০টি বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে সংশ্লিষ্টদের আত্মীয়দের অ্যাকাউন্টে সরানো হয়েছে বলে আদালতে জানিয়েছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *