পোশাক শ্রমিক আন্দোলনে ইন্ধন! সাবেক মন্ত্রী ও এমপিসহ ২০ জনের ব্যাংক হিসাব জব্দ
বার্তা ডেস্কঃ
শিরোনাম: নাশকতায় অর্থায়নের অভিযোগে ১২ শিল্প গ্রুপসহ প্রভাবশালী ব্যক্তিদের ব্যাংক হিসাব জব্দ
নিজস্ব প্রতিবেদক:
দেশের বিভিন্ন স্থানে চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে দেশের শীর্ষ পর্যায়ের ১২টি শিল্প গ্রুপসহ বেশ কয়েকজন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এনবিআর সূত্রে জানা গেছে, তালিকায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর অধিকাংশই বিগত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী অথবা নিষিদ্ধ ঘোষিত দলটির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।
ব্যাংক হিসাব জব্দ হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী টিপু মুনশি, সালমান এফ রহমান, সালাম মুর্শেদী, শাহরিয়ার আলম, নসরুল হামিদ বিপু ও তাজুল ইসলাম। এ ছাড়া সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ, বিজিএমইএ-এর সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি এবং শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম রয়েছেন।
তালিকায় থাকা শিল্প গ্রুপ ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে তুসুকা গ্রুপ (ফয়জুর রহমান বাদল), ওয়েল গ্রুপ (আবদুস ছালাম), নিপা গ্রুপ (খসরু চৌধুরী), অ্যাক্সিস নিটওয়্যারস লিমিটেড (জাহিদ আহমেদ টুলু), স্ট্যান্ডার্ড গ্রুপ (এ কে এম মোশাররফ হোসেন) এবং গিভেন্সি গ্রুপ (মাসুমা খাতুন লিপা)।
এনবিআর সংশ্লিষ্টরা জানিয়েছেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও আন্দোলনে অর্থ জোগানের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে। সংশ্লিষ্ট সব ব্যাংকে এই নির্দেশনা ইতিমধ্যে পাঠানো হয়েছে এবং পর্যায়ক্রমে আরও অনেকের ব্যাংক হিসাব তলব ও জব্দ করা হতে পারে বলে সূত্র জানিয়েছে।