বিদ্যুৎ মাশুল ছাড় থেকে ইপিএফ রিফান্ড, লগ্নিকারীদের জন্য রাজ্যের নয়া মেগা শিল্পনীতি!
বার্তা ডেস্কঃ
রাজ্যে নতুন কর্মসংস্থান তৈরি ও বিনিয়োগ টানতে ঐতিহাসিক নয়া শিল্পনীতি ঘোষণা করল শুভেন্দু সরকার। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি (MSME) শিল্পের ক্ষেত্রে মহিলা এবং রূপান্তরকামী কর্মীদের নিয়োগকর্তার ই-পিএফ (EPF) খরচের ১০০ শতাংশই আগামী ১০ বছর ফেরত দেবে রাজ্য; পুরুষ কর্মীদের ক্ষেত্রে এই রিফান্ডের পরিমাণ ৫০ শতাংশ। পাশাপাশি ২০০-র বেশি কর্মী থাকা ইউনিটে মহিলা ও পুরুষ কর্মচারীদের জন্য যথাক্রমে ৭৫ ও ৫০ শতাংশ ই-পিএফ সহায়তা দেওয়া হবে। এছাড়া নতুন বিনিয়োগে সহায়তা পেতে এবং দ্রুত ছাড়পত্র মিলতে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ‘সিঙ্গেল উইন্ডো পোর্টাল’।
শিল্পপতিদের আরও স্বস্তি দিয়ে আগামী ৫ বছর পর্যন্ত বিদ্যুৎ মাশুল ছাড় এবং জমির স্ট্যাম্প ডিউটি ফেরত দেওয়ার কথা জানানো হয়েছে। পাশাপাশি পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে আগামী ২০৩০ সালের মার্চ পর্যন্ত সারচার্জ মকুবের সুবিধা পাবেন উদ্যোক্তারা। রুগ্ন ও বন্ধ শিল্প পুনরুজ্জীবনে থ্রাস্ট সেক্টর ও অগ্রাধিকারের ভিত্তিতে ১২০ শতাংশ পর্যন্ত সরকারি সহায়তার ঘোষণা করা হয়েছে। তবে অব্যবহৃত জমির ওপর কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ৩ মাসের মধ্যে কাজ শুরু না হলে জমি ফেরত নেবে সরকার।