তোলাবাজিতে ১৫ মিনিটেই গ্রেপ্তার, শিল্পের জোয়ার আনতে হুঙ্কার মুখ্যমন্ত্রীর!
বার্তা ডেস্কঃ
বৃহস্পতিবার ইকোপার্কে ‘পশ্চিমবঙ্গ বিনিয়োগ প্রসার নীতি ২০২৬’ প্রকাশ অনুষ্ঠানে শিল্পপতিদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিগত সরকারের আমলে সিন্ডিকেটরাজের অভিযোগ থাকলেও বর্তমান জমানায় সেই ভয় দূর হয়েছে বলে জানান তিনি। অনুষ্ঠানে আলাপচারিতায় শিল্পপতিরাও স্বীকার করেন যে রাজ্যে তোলাবাজির সমস্যা আর নেই। অতীতের সমস্ত ঘুঘুর বাসা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।
শিল্পমহলে স্বস্তি ফেরাতে তোলাবাজদের দাদাগিরির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানান, ছোট থেকে বড় শিল্পে তোলাবাজি বরদাস্ত করা হবে না। কেউ তোলাবাজির মুখোমুখি পড়লে সরকারি হেল্পলাইন নম্বরে অভিযোগ জানানোর আহ্বান জানান তিনি। ফোন পাওয়ার মাত্র ১৫ মিনিটের মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্বচ্ছতা বজায় রেখে রাজ্যে বিনিয়োগ বাড়াতে ও শিল্পের জোয়ার আনতে সরকার সর্বদা পাশে রয়েছে বলে জানান তিনি।