সিলেবাসে বড় চমক, বাদ সিঙ্গুর-কন্যাশ্রী আর যুক্ত হচ্ছেন শ্যামাপ্রসাদ!

বার্তা ডেস্কঃ

রাজ্যের স্কুল পাঠ্যক্রমে বড়সড় পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানান, সংশোধিত পাঠ্যক্রমে পশ্চিমবঙ্গের ইতিহাস ও বিশিষ্ট ব্যক্তিত্বদের ওপর বেশি জোর দিতে পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছেন ভারতীয় জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। অন্যদিকে অষ্টম শ্রেণি থেকে সিঙ্গুরের জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলন এবং ষষ্ঠ শ্রেণি থেকে কন্যাশ্রী প্রকল্পের অধ্যায় বাদ দেওয়া হচ্ছে। এছাড়া পঞ্চম থেকে অষ্টম শ্রেণিতে পৃথক বিষয় হিসেবে আইসিটি (ICT), সপ্তম ও অষ্টম শ্রেণিতে তৃতীয় ভাষা এবং প্রতিটি বইয়ের শুরুতে পুরো ‘বন্দে মাতরম’ গানটি অন্তর্ভুক্ত করা হচ্ছে।

একই সঙ্গে নবম শ্রেণি পর্যন্ত ‘নো-ডিটেনশন’ নীতি তুলে দেওয়া নিয়ে আলোচনা চলছে এবং ২০২৭ সালের সম্ভাব্য জনগণনায় শিক্ষকদের ভূমিকার কথা মাথায় রেখে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা পিছিয়ে মার্চের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে আয়োজনের প্রস্তাব ভাবা হচ্ছে। মধ্যশিক্ষা পর্ষদ ২ থেকে ১৬ মার্চ মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক সংসদ ১৬ মার্চের পর পরীক্ষা নেওয়ার প্রস্তাব দিয়েছে, যার চূড়ান্ত সূচি আগামী সপ্তাহে ঘোষিত হবে। পাশাপাশি পাঠ্যবইয়ের কাগজের মানও উন্নত করা হয়েছে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *