কালীপুজোর রাতে কি বৃষ্টি হবে? জানাল আবহাওয়া দপ্তর!

 

কালীপুজোর পর দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, কমল উত্তরবঙ্গের তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদন: কালীপুজো পর্যন্ত আবহাওয়া মূলত শুষ্ক থাকলেও, উৎসব পরবর্তী সময়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে সোমবার থেকে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার উপকূলবর্তী জেলা অর্থাৎ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির মাত্রা কিছুটা বাড়তে পারে। এই দুই দিন কলকাতায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে রবিবার পর্যন্ত আকাশ শুষ্ক থাকবে। তবে শনিবারের মধ্যে উত্তরবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। সোমবার মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সেই সঙ্গে হালকা দমকা হাওয়া বইতে পারে। তবে দার্জিলিং-সহ উপরের জেলাগুলিতে আবহাওয়া শুষ্কই থাকবে।

আবহাওয়া সংক্রান্ত সিস্টেমের বিষয়ে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় ‘মুরাসুর’ অবশিষ্ট অংশ অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে সাধারণ নিম্নচাপ হিসেবে অবস্থান করছে, যা ক্রমশ শক্তি হারাচ্ছে। বর্তমানে বঙ্গোপসাগরে নতুন করে কোনো নিম্নচাপ তৈরি হয়নি।

কলকাতার আবহাওয়ার ক্ষেত্রে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭০ থেকে ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে সামান্য ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে কালীপুজোর দিন পর্যন্ত শহরে বৃষ্টির বিশেষ আশঙ্কা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *