আসানসোলে কয়লাখনিতে দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র পরিস্থিতি!

 

জামুরিয়ায় পিট মিটিংকে কেন্দ্র করে দুই শ্রমিক সংগঠনের সংঘর্ষ, উত্তপ্ত পরিস্থিতি

জামুরিয়া: পিট মিটিংকে কেন্দ্র করে জামুরিয়ায় দুই শ্রমিক সংগঠনের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ও রাজনৈতিক শোরগোল সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ভারত সরকারের সেন্ট্রাল ট্রেড ইউনিয়নের তত্ত্বাবধানে আয়োজিত একটি পিট মিটিং চলাকালীন ভারতীয় মজদুর সঙ্ঘের (বিএমএস) কর্মীরা প্রতিবাদ জানাতে গেলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শেষপর্যন্ত সিআইএসএফ এবং স্থানীয় পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার বিষয়ে ভারতীয় জনতা মজদুর সেলের জেলা সভাপতি শিবদাস বাউরি জানান, ২০১৪ সাল থেকেই মোদী সরকারের সমর্থনে তাঁরা শ্রমিকদের নিয়ে কাজ করছেন এবং সেই সূত্রেই এই পিট মিটিংয়ের আয়োজন করা হয়েছিল।

অন্যদিকে, বিএমএস সম্পাদক রাজা সিংয়ের পাল্টা অভিযোগ, ওই এলাকায় ভারতীয় মজদুর মঞ্চ বা বিজেপির কোনো আনুষ্ঠানিক ট্রেড ইউনিয়ন নেই। তাঁর দাবি, পিট মিটিংয়ের নামে জোরপূর্বক খনি বা চাণক বন্ধ রাখা হয়েছে এবং শ্রমিকদের ভয় দেখিয়ে ওই কর্মিসভায় যোগ দিতে বাধ্য করা হচ্ছে। এই অনৈতিক কাজের প্রতিবাদ জানাতেই তাঁরা ঘটনাস্থলে গিয়েছিলেন বলে জানান তিনি।

জামুরিয়া বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের ঘটনা দলের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে। ঘটনার পর থেকে এলাকায় পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে। পরিস্থিতি আপাতত শান্ত থাকলেও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *