নেদারল্যান্ডসে বসছে বাঙালির মেলা, আমস্টারডাম মহোৎসব ২০২৬ নিয়ে হইচই!

 

আমস্টারডামে বসছে দুই দিনের মহোৎসব: নেদারল্যান্ডসে উদযাপিত হবে ভারতীয়-বাঙালি সংস্কৃতি

কলকাতা: নেদারল্যান্ডসে বসবাসরত প্রবাসী বাঙালি ও ভারতীয়দের জন্য সুখবর। ২০২৬ সালের ২৮ ও ২৯ নভেম্বর আমস্টারডামে অনুষ্ঠিত হতে চলেছে ‘আমস্টারডাম মহোৎসব ২০২৬’। কলকাতায় এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই উৎসবের ঘোষণা করা হয়েছে। ক্যান্ডিড কমিউনিকেশন ইউকে-এর আয়োজনে এবং গৌরীস ফাউন্ডেশন ও কমিউনিটি পার্টনার ‘হল্যান্ড-এ-হইচই’-এর সহযোগিতায় আয়োজিত এই উৎসবটির উদ্বোধন করবেন নেদারল্যান্ডসে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত কুমার তুহিন।

উৎসবের মূল লক্ষ্য হলো নেদারল্যান্ডসে বসবাসরত ভারতীয়-বাঙালি প্রবাসীদের এক ছাতার নিচে আনা এবং বৃহত্তর ইউরোপীয় দর্শকদের সামনে ভারতের সমৃদ্ধ সংস্কৃতি, শিল্পকলা, খাদ্য ও ফ্যাশনকে তুলে ধরা। আয়োজক সংস্থা ‘ক্যান্ডিড কমিউনিকেশন’-এর প্রতিষ্ঠাতা পরিচালক সায়ন্তন দাস অধিকারী জানান, লন্ডন মহোৎসবের সাফল্যের পর আমস্টারডামে এই নতুন উদ্যোগ ভারত ও নেদারল্যান্ডসের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরিতে সহায়ক হবে।

সঙ্গীত ও বিনোদনের মেলবন্ধন:
দুই দিনব্যাপী এই উৎসবের সঙ্গীতের আসর মাতাবেন প্রখ্যাত বাঙালি শিল্পীরা। প্রথম দিনে পারফর্ম করবেন রূপঙ্কর বাগচী এবং দ্বিতীয় দিনে থাকবেন সাহানা বাজপেয়ী। এছাড়া তথাগত সেনগুপ্ত, সন্দীপা দত্ত ও অর্ণব বসুর মতো শিল্পীরাও তাদের স্বতন্ত্র সঙ্গীত শৈলীতে দর্শকদের মুগ্ধ করবেন।

রন্ধনশৈলী, ফ্যাশন ও সামাজিক উদ্যোগ:
উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে কলকাতার ঐতিহ্যবাহী খাবার। ‘আমিনিয়া হসপিটালিটি’ তাদের রন্ধনশৈলী নিয়ে এই উৎসবে অংশ নিচ্ছে। পাশাপাশি ভারতের নামী ব্র্যান্ডগুলোর অংশগ্রহণে শাড়ি, গয়না, এথনিক পোশাক ও লাইফস্টাইল পণ্যের প্রদর্শনী থাকবে, যা ব্যবসায়িক নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি করবে।

এবারের উৎসবে বিশেষ মাত্রা যোগ করছে তুহিনা পান্ডের তত্ত্বাবধানে আয়োজিত সৌন্দর্য প্রতিযোগিতা ‘মাতৃমা’। মায়েদের আত্মবিশ্বাস ও স্বকীয়তা উদযাপনের লক্ষ্যে আয়োজিত এই পর্বের বিজয়ীরা আগামী বছরের লন্ডন মহোৎসবে গ্র্যান্ড ফাইনালে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এছাড়া আয়োজনে থাকছেন ‘ভূতের রাজা দিল বর’ এবং ‘হিন্দুস্তান সুইটস’-এর ডিরেক্টর রাজীব কুমার পাল।

গৌরীস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সোমা চক্রবর্তী জানান, এটি কেবল একটি বিনোদনমূলক উৎসব নয়, বরং এটি সংস্কৃতি ও অভিজ্ঞতার আদান-প্রদানের একটি প্ল্যাটফর্ম। ‘হল্যান্ড-এ-হইচই’-এর সভাপতি দ্বৈপায়ন নাথ জানিয়েছেন, স্থানীয় বাঙালি কমিউনিটিকে ঐক্যবদ্ধ করতে এবং উৎসবের সফল বাস্তবায়নে তাদের সংগঠন সবরকম সহযোগিতা প্রদান করবে।

উল্লেখ্য যে, সাংস্কৃতিক বৈচিত্র্য ও সামাজিক সম্পৃক্ততার এই মহাআয়োজন ভারত ও নেদারল্যান্ডসের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *