ইন্দ্রনীলের মামলায় গ্রেফতার ধ্রুবজ্যোতি, পুরভোটের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ আদালতের!
বার্তা ডেস্কঃ
দুর্গাপুজোর পাস বিক্রিতে দুর্নীতির মামলায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের পর এ বার গ্রেফতার হলেন ‘মাস আর্ট’ সংস্থার সচিব ধ্রুবজ্যোতি বসু ওরফে শুভ। বুধবার সন্ধ্যায় কলকাতা পুলিশ তাঁকে টেরিটি বাজার এলাকা থেকে গ্রেফতার করে। তদন্তকারীদের দাবি, ধ্রুবজ্যোতি ও ইন্দ্রনীলের যৌথ মস্তিষ্কপ্রসূত এই সংস্থাকে কেন্দ্র করেই দুর্নীতির জাল বোনা হয়েছিল। এফআইআরে নাম থাকা ইন্দ্রনীলের স্ত্রী মধুছন্দা সেন হাই কোর্ট থেকে রক্ষাকবচ পেলেও পুলিশ তাঁকেও জিজ্ঞাসাবাদ করেছে এবং বর্তমানে প্রাক্তন মন্ত্রীর কন্যাও তদন্তকারীদের নজরদারিতে রয়েছেন।
অন্য দিকে, কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯টি করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল হাই কোর্ট। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, শুক্রবার আসন পুনর্বিন্যাস মামলার চূড়ান্ত রায় না দেওয়া পর্যন্ত পুরভোটের কোনও বিজ্ঞপ্তি বা নির্ঘণ্ট জারি করা যাবে না। নিয়ম না মেনে বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিতে ওয়ার্ড পুনর্গঠনের যে অভিযোগ উঠেছে, তা নিয়ে দুই পক্ষের সওয়াল-জবাব শেষে রায় স্থগিত রেখেছে আদালত।