আবার বড় ছাঁটাইয়ের পথে জাকারবার্গ!

বার্তা ডেস্কঃ

 

স্বেচ্ছায় চাকরি ছাড়ার সুযোগ দিচ্ছে মেটা, ফ্রান্সের কর্মীদের জন্য আকর্ষণীয় প্যাকেজ

নিজস্ব প্রতিবেদক: বিশ্বজুড়ে প্রযুক্তি শিল্পে কর্মী কাঠামো পুনর্গঠনের ধারায় এবার স্বেচ্ছায় চাকরি ছাড়ার (ভলানটারি এগজিট) প্রস্তাব নিয়ে এসেছে মার্ক জাকারবার্গের সংস্থা মেটা। সম্প্রতি ফরাসি সংবাদমাধ্যম ‘লা লেত্র’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ফ্রান্সে কর্মরত কর্মীদের জন্য সংস্থাটি ‘কালেক্টিভ কন্ট্রাকচুয়াল টার্মিনেশন’ (আরসিসি) বা যৌথ চুক্তির ভিত্তিতে কর্মসংস্থান সমাপ্তির প্রক্রিয়া শুরু করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সে মেটার মোট ৩০০ জন কর্মীর মধ্যে প্রায় ১০০ জন এই পরিকল্পনার আওতায় আসতে পারেন। এই প্রক্রিয়ায় অংশগ্রহণকারী কর্মীদের জন্য সংস্থাটি অত্যন্ত আকর্ষণীয় আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে। শর্ত অনুযায়ী, কর্মীরা তাদের চাকরির প্রতিটি বছরের জন্য ২.১৫ মাসের বেতনের সমপরিমাণ অর্থ পাবেন। পাশাপাশি, নতুন কর্মসংস্থান খোঁজার জন্য কর্মীরা ১০ মাসের ‘মোবিলিটি লিভ’ পাবেন এবং এই সময়ে তারা মূল বেতনের ৮০ শতাংশ বেতনও পাবেন। এছাড়া পেশাগত পুনঃপ্রশিক্ষণ বা নতুন ব্যবসায় সহায়তার বিষয়টিও সংস্থাটি বিবেচনা করছে।

মেটার এই প্রক্রিয়ায় আগ্রহী কর্মীদের আগামী ৫ নভেম্বরের মধ্যে আবেদন জমা দিতে হবে। উল্লেখ্য, ২০২৩ সালেও ফ্রান্সে একই ধরনের প্রক্রিয়ায় মেটার প্রায় ৮৮ জন কর্মী স্বেচ্ছায় চাকরি ছেড়েছিলেন।

প্রযুক্তি বিশ্বে মাইক্রোসফট এবং গুগলের মতো বড় সংস্থাগুলোও বর্তমানে কর্মী সংখ্যা কমানোর প্রক্রিয়ায় রয়েছে। গুগলের পক্ষ থেকে ফ্রান্সসহ পাঁচটি দেশে এবং মাইক্রোসফটের পক্ষ থেকে ভারতসহ একাধিক দেশে অনুরূপ ‘বাইআউট’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। মেটা এই পথেই হাঁটছে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, কৃত্রিম মেধা বা এআই-এর দ্রুত প্রসারের ফলে প্রযুক্তি সংস্থাগুলোর কাজের ধরনে আমূল পরিবর্তন এসেছে। মেটার সিইও মার্ক জাকারবার্গ আগেই জানিয়েছিলেন, কৃত্রিম মেধার ব্যবহারের ফলে যে কাজ আগে বড় দলের প্রয়োজন হতো, তা এখন অনেক কম কর্মী দিয়ে সম্পন্ন করা সম্ভব হচ্ছে। এই প্রেক্ষাপটেই মেটা তাদের কর্মী কাঠামো পুনর্গঠন করছে। তবে ফ্রান্সের বাইরে বিশ্বের অন্যান্য দেশে মেটা এমন কোনো সুযোগ দেবে কি না, তা এখনও নিশ্চিত নয়। বিশ্বজুড়ে বর্তমানে মেটায় প্রায় ৬৬ হাজার কর্মী কর্মরত রয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *