আসানসোলে শিল্প-বিপ্লব, ৮০ হাজার কোটির বিনিয়োগে কর্মসংস্থানের নতুন আশা!

 

শিল্পায়ন ও আধুনিকীকরণে জোর, আসানসোলে বার্তা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, আসানসোল: শিল্পায়ন ও আধুনিকীকরণের মাধ্যমে আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলের হারানো গৌরব পুনরুদ্ধারে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। বৃহস্পতিবার রাতে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নাকরাসোতা-বড়দিঘারী জনকল্যাণ সমিতির কালীপুজোর উদ্বোধনে এসে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী।

শিল্প বিনিয়োগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, সম্প্রতি বেদান্ত গোষ্ঠীর প্রতিনিধিরা নবান্নে তাঁর সঙ্গে দেখা করেছেন। জে কে নগরের জমিতে প্রায় ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে ওই শিল্পগোষ্ঠী। এই বিনিয়োগ বাস্তবায়িত হলে এলাকায় প্রায় ১০ হাজার কর্মসংস্থান হবে বলে তিনি আশা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী বলেন, “বিধানচন্দ্র রায়ের উদ্যোগে গড়ে ওঠা এই শিল্পাঞ্চল একসময় রাজ্যের অর্থনীতির কেন্দ্রবিন্দু ছিল। কিন্তু গত কয়েক বছরে কয়লা ও বালি মাফিয়াদের দাপটে তার গৌরব ক্ষুণ্ণ হয়েছে। এখন তোলাবাজিমুক্ত পরিবেশ নিশ্চিত করে জাতীয় ও রাজ্য স্তরের শিল্পায়নে অগ্রাধিকার দিচ্ছে সরকার।”

নাগরিক পরিষেবা নিয়েও এদিন কঠোর বার্তা দেন মুখ্যমন্ত্রী। আসানসোল পুরসভার কমিশনারকে উদ্দেশ্য করে তিনি বলেন, “পুর কমিশনার সরকারের চোখ। পানীয় জল সরবরাহ ও ভাঙা রাস্তা মেরামতিসহ সমস্ত নাগরিক পরিষেবা দ্রুত স্বাভাবিক করতে হবে। পুর নির্বাচন না হওয়া পর্যন্ত পরিষেবায় কোনো ঢিলেমি বরদাস্ত করা হবে না।”

তিনি আরও জানান, ছটপুজোর পরেই পশ্চিম বর্ধমান জেলায় প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করা হবে। সেখানে কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিনিধিদের নিয়ে উন্নয়নের কাজের অগ্রগতি খতিয়ে দেখা হবে। জনকল্যাণমূলক কাজে গাফিলতি সহ্য করা হবে না বলেও তিনি স্পষ্ট করে দেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে বেনারস থেকে আসা বিশেষ দলের গঙ্গা আরতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর প্রদীপ জ্বালিয়ে কালীপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল, পূর্তমন্ত্রী অজয় পোদ্দার, বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি, পার্থ ঘোষ, লক্ষণ ঘোড়ুইসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *