ইরানের তেল পাচারে মদত, ভারতীয় দম্পতি ও একাধিক সংস্থার ওপর কড়া নিষেধাজ্ঞা!

বার্তা ডেস্কঃ

ইরানের ওপর জারি করা মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহণে সহযোগিতার অভিযোগে ভারতের এক দম্পতি ও তাঁদের সংশ্লিষ্ট একাধিক সংস্থার বিরুদ্ধে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। পাশাপাশি এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত আরও দুই ভারতীয় নাগরিকের ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বুধবার মার্কিন অর্থ দপ্তর জানায়, গায়ানা, লাওস ও মোজাম্বিকসহ বিভিন্ন দেশের নামে ভুয়ো ওয়েবসাইট ও জাল সামুদ্রিক শংসাপত্র ব্যবহার করে ইরানের ‘শ্যাডো ফ্লিট’ বা গোপনে তেলবাহী জাহাজগুলোকে আন্তর্জাতিক আইনি নজরদারি এড়াতে সাহায্য করতেন চণ্ডীগড়ের বাসিন্দা সুনীল কুমার শর্মা ও তাঁর স্ত্রী জসপ্রীত প্রীতি শাহিদ।

আমেরিকার অর্থমন্ত্রী স্কট বেসেন্ট স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর মাধ্যমে ইরানকে সহায়তা করা যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে। ওয়াশিংটনের দাবি, ২০১৪ সাল থেকে সক্রিয় এই জাল চক্রটি মধ্যপ্রাচ্যের দেশটির সামরিক বাহিনীর নিয়ন্ত্রিত জাহাজকেও সুবিধা দিয়েছে। একই অভিযানে ইরানের বিমানসংস্থাকে পরিষেবা দেওয়ার অপরাধে তুরস্কের একটি সংস্থাকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করে সমুদ্র বা আকাশপথে ইরানকে সহায়তাকারীদের কাউকেই রেয়াত করা হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *