মার্কিন নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি! ভারতীয় অধ্যুষিত ৮৪ আসনে বাজিমাত ডেমোক্র্যাটদের
বার্তা ডেস্কঃ
আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে বড় ধাক্কা দিয়ে বিপুল জয় পেল ডেমোক্র্যাটরা। দেশের সবচেয়ে বেশি ভারতীয় বংশোদ্ভূত অধ্যুষিত ১০০টি কংগ্রেসীয় আসনের মধ্যে ৮৪টিতেই জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। রিপাবলিকানরা পেয়েছে মাত্র ১৫টি আসন এবং অ্যারিজোনার একটি আসনে এগিয়ে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট প্রার্থী আমিশ শাহ। বিশেষ করে ক্যালিফোর্নিয়ার ভারতীয় অধ্যুষিত ২০টি আসনের মধ্যে ১৯টিতেই জয় পেয়েছে ডেমোক্র্যাটরা, যার মধ্যে ক্যালিফোর্নিয়া-১৭ আসন থেকে টানা ষষ্ঠবারের মতো জয়ী হয়েছেন রো খান্না। নিউ ইয়র্ক, ইলিনয়, নিউ জার্সি ও পেনসিলভেনিয়াতেও ডেমোক্র্যাটরা আধিপত্য বজায় রেখেছে, যদিও টেক্সাসের ১৩টি আসনের ৯টিতে জিতেছে রিপাবলিকানরা।
কার্নেগি এনডাওমেন্ট ও ইউগভের সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী, ৬২ শতাংশ ভারতীয় বংশোদ্ভূত ভোটার ডেমোক্র্যাটদের সমর্থন করেছেন, যেখানে ট্রাম্পের রিপাবলিকান পার্টির পক্ষে ছিলেন মাত্র ১৯ শতাংশ ভোটার। ট্রাম্পের কাজকর্মে ৭১ শতাংশ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকই অসন্তোষ প্রকাশ করেছিলেন। মূল্যবৃদ্ধি, কর্মসংস্থান, অর্থনীতি, স্বাস্থ্য পরিষেবা, অভিবাসন নীতি এবং অনলাইনে ক্রমবর্ধমান বর্ণবিদ্বেষমূলক মন্তব্য এই ফলাফলে বড় ভূমিকা পালন করেছে। সব মিলিয়ে, গুরুত্বপূর্ণ এই ভোটার গোষ্ঠীর সমর্থন হারিয়ে মার্কিন রাজনীতিতে ট্রাম্প প্রশাসন এক বড় চ্যালেঞ্জের মুখে পড়ল।