বদ্ধঘরে অফিস বাদ দিয়ে দুবাইয়ে শুরু হল অভিনব ‘ওয়ার্ক ফ্রম পার্ক’
কর্পোরেট একঘেয়েমি কাটিয়ে প্রকৃতির সান্নিধ্যে বসে কাজ করার নতুন দিগন্ত খুলে দিল দুবাই। শহরের জনপ্রিয় আল বারশা পন্ড পার্কে চালু হয়েছে দেশের প্রথম ‘ওয়ার্ক ফ্রম পার্ক’ ব্যবস্থা। দুবাই মিউনিসিপ্যালিটি, ‘লেটসওয়ার্ক’ ও ‘গ্রুপ আমানা’-র যৌথ উদ্যোগে চালু হওয়া এই মুক্তাঞ্চলে মিলবে হাই-স্পিড ওয়াই-ফাই এবং চার্জিং পয়েন্ট। সম্পূর্ণ বিনামূল্যে এবং কোনো আগাম বুকিং ছাড়াই পেশাদাররা সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এখানে বসে কাজ করতে পারবেন। তীব্র গরম সামলাতে বাইরের কুলিং সিস্টেমের পাশাপাশি একটি আধুনিক ইনডোর এসির সুবিধাও রাখা হয়েছে।
এই উদ্যোগটি আধুনিক পেশাদারদের কাজের পাশাপাশি জীবনযাত্রার মানেও বড় পরিবর্তন আনতে চলেছে। পার্কের এই পরিবেশে কাজ করার পাশাপাশি সহকর্মীদের সঙ্গে সংযোগ বৃদ্ধি এবং খেলাধুলার সুযোগ থাকছে। সবচেয়ে বড় সুবিধা হলো, কর্মজীবী অভিভাবকরা সন্তানদের পার্কে খেলার সুযোগ করে দিয়ে নিশ্চিন্তে নিজেদের অফিসের কাজ শেষ করতে পারবেন। কাজের ফাঁকে পরিবারের সঙ্গে গুণগত সময় কাটানো এবং কাজের মানসিক চাপ কমানোর ক্ষেত্রে দুবাইয়ের এই নতুন পরিষেবা ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে।